শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা পদক পেলেন প্রফেসর আব্দুর রাজ্জাক

October 23, 2017,

স্টাফ রিপোর্টার॥ শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শেরে বাংলা পদক ২০১৭ পেলেন শ্রীমঙ্গল সরকারী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বর্তমানে কর্মরত আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক। শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন কর্তৃক শাহবাগ ঢাকা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরী শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে “জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূলে সামাজিক সংগঠনের ভুমিকা” শীর্ষক আলোচনা সভার অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের বিচারপতি মোঃ সিদ্দিকুর রহমান, প্রধান আলোচক সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল ইসলাম টুকু এমপি সহ শেরে বাংলা সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তাবৃন্দ।
প্রফেসর আব্দুর রাজ্জাক ১৯৪৪ সালে মৌলভীবাজার জেলার নাজিরাবাদ দুঘর গ্রামে জন্ম গ্রহণ করেন। ১৯৬১ সালে মেট্রিক, ১৯৬৩ সালে উচ্চ মাধ্যমিক, ১৯৬৬ সালে মৌলভীবাজার সরকারী কলেজ হইতে বিএ এবং ১৯৬৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হইতে ইতিহাস বিষয়ে মাষ্টার্স পাস করেন। ১৯৬৯ সালের ২৪ শে ডিসেম্বর শ্রীমঙ্গল সরকারী কলেজে তার কর্মময় জীবন শুরু হয়। সিলেটের এম সি কলেজে ১৯৯২ সালে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ইতিহাস বিভাগে যোগদান করেন। ১৯৯৮ সালে পুনরায় উপাধ্যক্ষ পদে উন্নীত হয়ে শ্রীমঙ্গল সরকারী কলেজে যোগদান করেন এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সর্বশেষ অত্র কলেজ হইতে ২০০২ সালের ১৫ সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন এবং বর্তমানে মৌলভীবাজারের একটি বেসরকারি আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ১৯৬৫ এবং ১৯৮৫ সালে দুঘর শ্রীমতি উচ্চ বিদ্যালয় পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি ৫ মেয়ে এবং ২ ছেলের জনক। বর্তমানে তিনি শ্রীমঙ্গলের কলেজ রোডে আফজাল ভিলায় স্থায়ীভাবে বসবাস করছেন। তার এই দীর্ঘ শিক্ষা জীবনে তিনি অনেক ছাত্র-ছাত্রীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com