মৌলভীবাজার জেলা ইজতেমার প্যান্ডাল  তৈরির কাজ শুরু

December 27, 2017,

আব্দুল কাইয়ুম॥ মৌলভীবাজার জেলা ইজতেমা মাঠের মূল প্যান্ডাল তৈরির কাজ শুরু হয়েছে।

বুধবার ২৭ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিক ভাবে প্রায় সাড়ে চারলক্ষ স্কয়ার ফিট এর বিশাল এই চটের প্যান্ডালের কাজ শুরু করেছেন তাবলীগ জামাতের সাথীরা। মাঠের জিম্মাদার ও জেলা তাবলীগ জামাতের শুরা সদস্য মোঃ ময়নুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী বছরের ২৫ জানুয়ারী থেকে তিনদিন ব্যাপী সদর উপজেলার  জগন্নাথপুর গ্রামে গণপূর্ত বিভাগের নির্মানাধিন প্রকল্প এলাকায় (উপশহর) প্রথম বারের মত জেলায় ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। এই ইজতেমায় প্রায় দশলক্ষ মানুষের সমাগম হবে বলে ধারনা করা হচ্ছে।

মাঠের সূত্রে জানা গেছে, প্রায় ২ থেকে তিন হাজার কুটির উপর তৈরি হবে লক্ষাধিক মানুষের বসার উপযোগী বিশাল চটের প্যান্ডাল। প্যান্ডাল তৈরিতে কুটি বসানো সহ সার্বিক কাজে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন শ্রীমঙ্গল উপজেলার বরুনা , শেখবাড়ী , সদর উপজেলার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসা, দারুল উলুম, রায়পুর ও আশরাফুল উলুম মাদ্রাসার শত শত শিক্ষার্থী সহ তাবলীগ জামাতের সাথীরা। পাশাপাশি মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান এর তত্ত্ববধানে পৌসভার নিজস্ব শ্রমিক ও যানবাহন দিয়ে মাঠ প্রস্তুত করা হচ্ছে। অপরদিকে ইজতেমায় আগত মুসল্লীদের স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে তাবলীগ জামাতের নিজস্ব তত্ত্বাবধানে তৈরি হচ্ছে ৬শত  স্যানিটারী লেট্রিন , অজু ও গোসলের জন্য বিশাল পানির হাউজ। বিশুদ্ধ পানির জন্য প্রস্তুত করা হচ্ছে ৮টি গভির নলকুপ, এসব নলকুপ থেকে ৪টি ৪৮ হাজার লিটার ধারণ ক্ষমতাসম্পন্ন প্লাষ্টিকের অস্থায়ী পানির ট্যাংক স্থাপন করে তা সংযোগ হবে একহাজার ফুট দীর্ঘ পানির মূল হাউজের সাথে।

মৌলভীবাজার সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী পাল কাননগগো জানান, ইজতেমায় আগত মুসল্লীদের তাৎক্ষনিক চিকিৎসা ও স্বাস্থ্য সহায়তা দিতে ইতিমধ্যেই জেলা সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তীকে আহবায়ক করে ও আমাকে সদস্য করে কমিটি করা হয়েছে। এই কমিটি মাঠের জিম্মাদারদের সাথে সমন্নয় করে নির্ধারিত সময়ের পুর্বেই মাঠের দক্ষিন দিকে মেডিকেল ক্যাম্প স্থাপন করবেন।

এদিকে ইজতেমা আয়োজনকে নির্ভিগ্ন করতে পুরো এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী ও তাবলীগ জামাতের সহায়তায় সিসি ক্যামেরা স্থাপন করে মনিটরিং করা হবে মাঠ ও মাঠের আশ পাশের এলাকাকে। মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহম্মদ জানান, তাবলীগ জামাতের ইজতেমাকে কেন্দ্র করে মাঠ এবং মাঠের বাহিরের এলাকাকে সিসি ক্যামেরার আওতায় আনতে হলে প্রয়োজন হবে প্রায় ২৫০টি সিসি ক্যামেরা, এত সংখ্যক ক্যামেরা পুলিশ প্রশাসনের পক্ষে একা বসানো সম্ভব হবে না। তিনি বলেন আমরা তাবলীগ জামাতের মুরব্বীদের সাথে কথা বলেছি এ কাজে সহযোগীতা করার জন্য।

মাঠের সর্বশেষ অবস্থা জানতে সরজমিনে গিয়ে তাবলিগ জামাতের এক শুরা সদস্যের সাথে কথা বলে জানা গেছে  তাবলিগের সাথিরা ইতিমধ্যে মাঠের কাজে স্বেচ্ছায় শ্রম দিতে শুরু করেছেন। বর্তমানে ইজতেমাকে সামনে রেখে অবস্থান করছেন ইংল্যান্ড, মালোয়শিয়া সহ কয়েকটি বিদেশী জামাত। তাবলিগ জামাতের একটি সূত্র জানিয়েছে, বর্তমানে জেলা সদর সহ বিভিন্ন উপজেলার প্রায় প্রতিটি ইউনিয়নে এক বা একাধিক জামাত অবস্থান করছেন।

বৃহস্পতিবার ৭ ডিসেম্বর বিকালের দিকে ইজতেমা মাঠে গিয়ে দেখা যায়, মৌলভীবাজার পৌরসভার তত্বাবধানে মুসল্লিদের অজু ও গোসলের জন্য প্রায় একহাজার ফুট দীর্ঘ পানির হাউজ নির্মানের এর কাজ করছেন মৌলভীবাজার পৌরসভার শ্রমিকরা। এসময় মাঠ পরিচ্ছন্ন কার্যক্রম দেখতে আসা মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব আয়াছ আহমদ জানান, বর্তমানে ইজতেমা মাঠের সার্বিক পরিচ্ছন্ন কাজ পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা করে যাচ্ছেন। তিনি বলেন ঐতিহাসিক এই তাৎপর্যপূর্ণ সমাবেশকে সফল করতে মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে আমরা সবধরণের সহযোগীতা দিয়ে যাব। জেলা তাবলীগ জামাত এর শুরা সদস্য ময়নুল ইসলাম জানিয়েছেন, আগামী সাপ্তাহের ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিক ভাবে মাঠের প্যান্ডালের কাজ উদ্বোধন করবেন জেলার বিশিষ্ট আলেম মাওলানা রশীদ আহমদ ফারুক শায়েখে বর্ণভী। তিনি বলেন, ইজতেমা মাঠের কাজ মূলত শুরু হয়ে গেছে অনেক আগে থেকে, এখন মাত্র আনুষ্ঠানীকতা বাকী।  জেলা শহরের উপকন্ঠে ঢাকা-সিলেট মহাসড়কের কোলঘেষে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে গণপূর্ত বিভাগের নির্মানাধিন প্রকল্প এলাকা উপশহরে প্রায় ৬০ একর জায়গার প্রায় পুরো মাঠ জুরেই তৈরি হবে বিশাল চটের প্যান্ডেল।

এরই মধ্যে তাবলিগ জামাতের নীতিনির্ধারনী ফোরাম মজলিশে শুরা ইজতেমা বাস্তবায়নের লক্ষে শীর্ষ মুরব্বিদের অংশগ্রহনে বৈঠক করেছেন।  সেখানে আঞ্চলিক এই জেলা বিশ্ব ইজতেমাকে সার্বিকভাবে সফল করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com