দীর্ঘদিনের ভবঘুরে মানসিক অসুস্থ নারীকে চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ঢাকায় প্রেরণ

July 14, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকের পাশের স্প্রিং কর্নার এলাকায় দীর্ঘদিন ধরে অবস্থান করা মানসিক অসুস্থ ও আশ্রয়হীন নারী খাদিজা নাজমিনকে চিকিৎসা ও পুনর্বাসনের লক্ষ্যে ঢাকার একটি সরকারি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে।

জেলা প্রশাসক মৌলভীবাজারের উদ্যোগ ও আহ্বানে জেলা সমাজসেবা অধিদপ্তর এবং শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটির সমন্বিত প্রচেষ্টায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে সোমবার ১২ জুলাই তাকে নিরাপদে উদ্ধার করে ঢাকার মিরপুরে অবস্থিত সরকারি আশ্রয়কেন্দ্রে হস্তান্তর করা হয়।

জানা যায়, দীর্ঘদিন ধরে স্প্রিং কর্নারে বসবাসরত খাদিজা নাজমিনের অনিয়ন্ত্রিত আচরণের কারণে জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস, আশপাশের সরকারি দপ্তরে আগত সেবাগ্রহীতা, শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তিনি প্রায়ই অশালীন ভাষায় গালিগালাজ ও বিশৃঙ্খল আচরণ করতেন, ফলে এলাকাজুড়ে অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হতো।

এদিকে, স্প্রিং কর্নার এলাকার ১০ বছরের ইজারাগ্রহীতা ব্যবসায়ী জাকির চৌধুরী জানান, প্রায় তিন বছর আগে জায়গাটি ইজারা নিলেও ওই নারীর অবস্থানের কারণে তিনি ব্যবসা কার্যক্রম শুরু করতে পারেননি। বিষয়টি নিয়ে তিনি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে আবেদন করে আসছিলেন।

অভিযান শেষে খাদিজা নাজমিনকে তিনজন পুলিশ সদস্যের নিরাপত্তায় শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের নারী বিভাগের সদস্য ও ইউপি সদস্য রিতা দেব ঢাকার মিরপুর সরকারি আশ্রয়কেন্দ্রে পৌঁছে দেন।

জানা গেছে, খাদিজা নাজমিনের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার লংগুরপাড় এলাকায়। তিনি পূর্বে সনাতন ধর্মাবলম্বী ছিলেন। পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে একজন মুসলিম ব্যক্তিকে বিয়ে করেন। পরে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার একটি পুত্রসন্তান রয়েছে; তবে বর্তমানে সন্তানের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের দাবি, ধর্মান্তরিত হওয়ার পর পারিবারিক ও সামাজিক বিচ্ছিন্নতার কারণে তিনি দীর্ঘদিন ধরে আশ্রয়হীন ও ভবঘুরে জীবনযাপন করে আসছিলেন।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো: হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মো: আবুল কাশেম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব, উপদেষ্টা শামীম তরফদার, সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, সমাজকর্মী আকতার আহমদ, নির্বাহী পরিচালক আবু সামাদ সুজেল, কার্যনির্বাহী পরিষদের সদস্য ইশতিয়াক আহমেদ চৌধুরী, রেদওয়ান আহমদ ছামী, বিআইএস মহিলা বিভাগের রিতা দেব, ফাতেমা বেগম, ছামিয়া আক্তার, শিলা বেগম, সুমাইয়া আক্তার সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

এ বিষয়ে সংশ্লিষ্টরা বলেন, যথাযথ চিকিৎসা, পুনর্বাসন ও কাউন্সেলিংয়ের সুযোগ পেলে অনেক মানসিক অসুস্থ ও আশ্রয়হীন মানুষই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এ ধরনের মানুষের জন্য মৌলভীবাজারে একটি স্থায়ী আশ্রয়কেন্দ্র প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) মৌলভীবাজার।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com