শ্রীমঙ্গল থানা পুলিশের মানবিক উদ্যোগ: কল দিলেই অসুস্থ রোগীকে হাসপাতালে পৌঁছে দিবে পুলিশ

April 14, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গল থানা পুলিশ ব্যতিক্রম একটি মানবিক উদ্যোগ গ্রহণ করেছে। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান-রাতে যদি শ্রীমঙ্গল উপজেলার কোন জনসাধারণের কোন ধরণের মানবিক অসুবিধা হয়। যেমন কেউ অসুস্থ হয়েছেন চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন কিন্তু লকডাউনের কারণে যাতায়তের যানবাহন নেই। এ মুহুর্তে আমাকে ফোন দিলেই ওই রোগীকে হাসপাতালে পৌঁছে দেয়ার জন্য এগিয়ে যাবে শ্রীমঙ্গল থানা পুলিশ।
১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ পরিস্থিতি মোকাবেলা কমিটির সভায় এই ঘোষণা দেন তিনি। এ সভায় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালসহ সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
ওসি আব্দুছ ছালেক জানান-মূলত মৌলভীবাজার জেলায় লকডাউনের কারণে অভ্যন্তরীন রুটে অনেক যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে, এতে অনেক এমারজেন্সী রোগী হাসপাতালে যেতে পারবেন না। সেই মানবিক দিক চিন্তা করেই আমি এই উদ্যোগ নিয়েছি।
আমার ব্যবহৃত সরকারি মোবাইল নাম্বার (ওসি শ্রীমঙ্গল থানা (০১৭ ১৩৩৭৪৪৪০) এই নম্বরে কল করলেই পুলিশ সহায়তার জন্য এগিয়ে আসবে। এছাড়া কোন পরিবারে যদি খাদ্য সংকট থাকে তা হলে আমরা পুলিশের পক্ষ থেকে খাবার পৌঁছে দেবো। পুলিশ সুপার ফারুক আহমেদ স্যারের নির্দেশে ইতোমধ্যে প্রতিদিন রাতে উপজেলার বিভিন্ন প্রান্তে সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান ও আমরা পুলিশ সদস্যরা চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে। যে কোন বিপদে জনগণের পাশে পুলিশ সবসময় থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ওসি মো. আব্দুছ ছালেক।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com