শ্রীমঙ্গলের সবুজবাগে ভাঙ্গা রাস্তায় জমে থাকে পানি চলাচলে চরম দুর্ভোগ

September 29, 2020,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে শহর সংলগ্ন এলাকা সবুজবাগ। প্রায় ১৫ হাজার মানুষের বসবাস এই এলাকায়। চলাচলের প্রধান এ সড়কটি ছোট বড় গর্তে জমে থাকা পানি ও খানা খন্দের কারণে চলাচলের অনুপযোগী হয়ে উঠছে। পানি ও খানাখন্দের উপর দিয়েই চলছেন লোকজন, চলছে ছোট-বড় যানবাহন। দুর্গা পূজায় বেশী লোকসমাগম হওয়া এই এলাকার রাস্তাটি আসন্ন দুর্গা পূজার আগেই যেন সংস্কার করা হয় এমনটাই দাবী করছেন এলাকাবাসী। রাস্তাটির নতুন করে তৈরীর বাজেট হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে বলছেন এলজিআরডি।

সম্প্রতি সরেজমিনে সবুজবাগ এলাকায় গিয়ে দেখা যায়, সবুজবাগের প্রবেশ মুখ থেকে শুরু করে টমটম স্ট্যান্ড পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশ ছোট-বড় অনেক গর্ত তৈরী হয়েছে। সেই গর্তে জমেছে পানি। রাস্তাটির কিছুদূর পর পর খানাখন্দে ভরে গেছে। লোকজন এই খানাখন্দে ভরা রাস্তাটি দিয়ে কোন রকম যাতায়াত করছে। যারা পায়ে হেটে যাচ্ছে তাদের অনেকেরই জামাকাপড় নোংরা হচ্ছে কাদা মাটিতে। রিকশা, টমটমসহ যানবাহনগুলো খুবই ঝুঁকি নিয়ে চলাচল করছে এই রাস্তা দিয়ে।

টমটম চালক করিম মিয়া বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, এই রাস্তায় টমটম একদিন চালালে পরের দিন আর চালাতে মন চায় না। খানাখন্দের কারনে যানবাহনের অনেক ক্ষতি হয়। প্রায়ই আমাদের যানবাহন দূর্ঘটনায় পড়ে ভাঙ্গা রাস্তার কারণে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দূর্গা পুজা উপলক্ষে পুরো জেলা থেকে লোকজন সবুজবাগে আসেন পূজা দেখতে। শ্রীমঙ্গলের বড় কয়েকটি পুজা মন্ডপ সবুজবাগে হয়ে থাকে। তাই এখানে অনেক লোক সমাগম হয়। গতবছর পূজার আগে জোড়াতালি দিয়ে রাস্থায় মাটি ফেলে কোন মতে যাতায়াতের ব্যবস্থা করা হয়। এবছর রাস্তাটির আরো বেহাল দশা হয়ে পড়েছে। নতুন পোশাক পড়ে পূজা দেখতে আসা মানুষরা যেন কাদাপানিতে নোংরা হয়ে না যায় সেই বিষয়টি বিবেচনা করে রাস্তার দ্রুত সংস্কার করা জরুরি বলে মনে করছি।

শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় বলেন, যেহেতু শীঘ্রই রাস্তার কাজটি স্থায়ীভাবে শুরু হচ্ছে তাই আমরা দূর্গা পূজা উপলক্ষে এলাকাবাসী ও আগত দর্শনার্থীদের কথা বিবেচনায় রেখে আপাদত কি করা যায় সে বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্নজনকে সাথে নিয়ে আলোচনা করে সীদ্ধান্ত নিবো।

শ্রীমঙ্গল উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার বলেন, এলজিআরডি আওতাধীন এই সড়কটি ২১৩৬ মিটার পর্যন্ত কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা এর জন্য বরাদ্ধও পেয়েছি। যেহেতু এই রাস্তায় পানি জমে থাকে তাই আমরা এই রাস্তাটি আরসিসি ঢালাই করে কাজ করবো। এতে ব্যয় ধরা হয়েছে প্রায় ৭৬ লক্ষ ৬৯ হাজার ৮০৯ টাকা। রাস্তার কাজটির দরপত্র লাইভে আছে। আগামী ৫ অক্টোবর দরপত্র উন্মুক্ত করা হবে। আমরা চেষ্টা করছি  আগামী ১ মাসের ভিতরে কাজ শুরু হবে। এবং শীঘ্রই রাস্তাটির কাজ শেষ হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, খুব শীঘ্রই রাস্তাটির কাজ শুরু করা হবে। তবে আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে সরজমিনে গিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে করে মানুষের চলাচলে বিঘ্ন না ঘটে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com