বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি : বাদীকে আদালতের শোকজ

February 9, 2023,

আব্দুর রব॥ বড়লেখায় মিথ্যা মামলা দিয়ে চার নিরীহ ব্যক্তিকে হয়রানির অভিযোগে মামলার বাদী মতিউর রহমানকে শোকজ এবং মামলার দায় হতে আসামিদের অব্যাহতির আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ৯ ফেব্রুয়ারি দুপুরে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক এ আদেশ দেন। তথ্যটি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারি ইকরাম হোসেন।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৪ সালে উপজেলার সুজানগর ইউনিয়নের পাটনা গ্রামের মৃত সুরমান আলীর ছেলে মতিউর রহমান বর্ণি ইউনিয়নের বর্ণি গ্রামের ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমান ও মকদ্দছ আলীকে আসামি করে ভূমি ক্রয়-বিক্রয় সংক্রান্তে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে অর্থ-আত্মসাতের মামলা (সিআর-১৪২/১৪) দায়ের করেন।

আদালতে বিচার প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে দায়ের করা অভিযোগের সত্যতা প্রমাণ করতে পারেননি বাদী মতিউর। এরই মধ্যে মামলা চলাকালে ৪ নম্বর আসামি মকদ্দছ আলী মারা যান। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে বাদীর আনিত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামি ফয়জুর রহমান, মারুফ উদ্দিন, মুহিবুর রহমানকে মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়। পাশাপাশি মিথ্যা অভিযোগ দায়ের করে আসামিদের অব্যাহতি পাওয়ায় হয়রানি করায় ফৌজদারি কার্যবিধির ২৫০ ধারায় বাদী মতিউর রহমানকে শোকজ করেছেন আদালত।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com