কমলগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

February 21, 2023,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সোমবার ২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে কমলগঞ্জ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্পণ করে কর্মসূচীর সূচনা করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন। মঙ্গলবার ভোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক প্রভাতফেরী বের হয়। দুপুরে কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ ইউএনও সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহীদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান।

আলোচনায় অংশ নেন লেখক-গবেষক, অধ্যক্ষ রসময় মোহান্ত, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদার, উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: এম, মাহবুবুল আলম ভুঁঞা, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাধ প্রমুখ।

বিকেলে কমলগঞ্জ উপজেলার কবি ও লেখকদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বরচিত কবিতা ও প্রবন্ধ পাঠ করা হয়। সন্ধ্যায় ৫টি ভাষার সংমিশ্রণে “মধুর আমার মায়ের ভাষা” নাটক মঞ্চস্থ হয়। এদিকে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে কমলগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে প্রথমবারের মতো অনুষ্ঠিত বইমেলা ও ক্ষুদ্র নৃ-জাতিগোষ্ঠির নাট্য উৎসবের ২য় দিন মঙ্গলবার পাঠকদের উপস্থিতি বৃদ্ধি পায়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com