গণঅভ্যুত্থান ২০২৪ : মৌলভীবাজারে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রায় কৃষকদল ও বিএনপি পরিবারের  বৃক্ষরোপণ কর্মসূচি

July 20, 2025,

স্টাফ রিপোর্টার :  ‘গণঅভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ উপলক্ষে স্মৃতির সবুজ পল্লবে নতুন প্রাণ জাগাতে মৌলভীবাজার জেলা কৃষকদল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচির মধ্য দিয়ে দেশ, মাটি ও মানুষের অধিকার আদায়ের প্রত্যয়ে পরিবেশ রক্ষার প্রতীকী বার্তা তুলে ধরা হয়।

রবিবার ২০ জুলাই জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে জেলা কৃষকদল এ কর্মসূচীর আয়োজন করে।  জেলা কৃষকদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো: শামীম আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

বক্তব্যকালে প্রধান অতিথি ফয়জুল করিম ময়ূন বলেন, গণতন্ত্র, স্বাধিকার এবং দেশের সার্বিক মুক্তির সংগ্রামে আমরা যেমন অবিচল, তেমনি পরিবেশ রক্ষার দায়িত্ব থেকেও আমরা সরে দাঁড়াবো না। এই বৃক্ষরোপণ কর্মসূচি যেন আমাদের সবুজ বিপ্লবের প্রতীক হয়ে দাঁড়ায়।

তিনি বলেন গণতন্ত্র শুধু রাজনৈতিক স্লোগান নয়, এটি মানুষের বেঁচে থাকার মৌলিক অধিকার। পাশাপাশি পরিবেশ রক্ষার দায়িত্বও আমাদের। আজকের বৃক্ষরোপণ প্রতীকী হলেও এর বার্তা সুদূরপ্রসারী।

বিশেষ অতিথি আব্দুর রহিম রিপন বলেন বিএনপি শুধু রাজনৈতিক দল নয়, এটি দেশের মানুষের আশা-ভরসার নাম। কৃষক, শ্রমিক, যুবক সবাইকে নিয়েই আমাদের পথচলা। আমরা সবুজে-সবুজে বদলে দিতে চাই এ দেশের ভবিষ্যৎ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে বিভিন্ন জাতের ঔষধি, ফলজ ও বনজ গাছের চারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠের পাশে রোপণ করা হয়। উক্ত কর্মসূচিতে কৃষকদলের জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির বৃক্ষরোপণ শেষে গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com