উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ৫দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন

October 25, 2025,

শাহরিয়ার খান সাকিব : মৌলভীবাজারে সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য ৫ দিনব্যাপী উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে শুরু হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।

শনিবার ২৫ অক্টোবর সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন মৌলভীবাজার পৌর বিএনপির সাবেক আহবায়ক মমশাদ আহমদ।

উত্তরা ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান আজমল আমীন তরফদারের সভাপতিত্বে ও ইমরান আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, পৌর বিএনপির সভাপতি ওলিউর রহমান, সেবা প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন খান, সাংবাদিক মো: শাহজাহান মিয়া, জাফর ইকবাল। এছাড়াও গণমাধ্যম কর্মী ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন-উত্তরা ডায়াগনস্টিক সেন্টার সমাজের অসহায় দরিদ্র মানুষের জন্য বিনামূল্যে ৫দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে এটি নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। শহরের প্রতিটি ডায়াগনস্টিক সেন্টারগুলো যদি এমন সেবা গ্রহণ করে তাহলে পুরো জেলার গরিব-অসহায় নিম্নবিত্ত রোগীরা উপকৃত হবে।

বক্তারা আরও বলেন-শুধু ব্যবসায়িক কর্মকান্ড নয়, সামাজিক উন্নয়নে এগিয়ে আসছে উত্তরা ডায়াগনস্টিক সেন্টার। সমাজে এই ধরণের যত প্রতিষ্ঠান আছে তারা সবাই যদি মানুষের সেবায় এগিয়ে আসে তাহলে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছানো সম্ভব।

দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে মেডিসিন, গাইনি, শিশু, নাক-কান গলা, রোগীদের চিকিৎসা প্রদান ও বিভিন্ন পরীক্ষা করা হয়। এমন চিকিৎসা সেবা পেয়ে অনেকে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন-মৌলভীবাজারে এমন সেবা চালু করেছেন ধারাবাহিক প্রতিবছর অব্যাহত থাকলে আমাদের অনেকের উপকার হবে।

উত্তরা ডায়াগনস্টিক সেন্টারে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শিব্বির আলী জানান, বিনামূল্যে এ চিকিৎসা সেবা কার্যক্রম প্রথম দিনে ৭৮জনকে সেবা দেওয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম ২৫ অক্টোবর থেকে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল ১১ টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অসহায় ও দরিদ্রদের মাঝে চিকিৎসা সেবা ও পরামর্শ দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com