অর্ধশতাব্দীর গৌরবযাত্রা: উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার স্বর্ণময় পুনর্মিলনী

স্টাফ রিপোর্টার : অর্ধশতাব্দীর গৌরবময় পথচলায় উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসা আজ এক ঐতিহাসিক মাইলফলক অতিক্রম করেছে। প্রতিষ্ঠার পর থেকে এ মাদরাসা শিক্ষা, চরিত্র গঠন ও সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আল্লাহ তায়ালার অশেষ কৃপায় ও সবার সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজও আলোকিত হয়ে আছে জ্ঞানের মশাল হাতে।
এই অগ্রযাত্রার পঞ্চাশ বছর পূর্তি স্মরণে আয়োজিত হচ্ছে, অর্ধশতবর্ষ পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠান। অনুষ্ঠানের সফলতা কামনা করে প্রস্তুতি চলছে পুরোদমে। প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে মাদরাসা প্রাঙ্গণ মুখরিত হবে-এই আশায় দিন গুনছে সবাই।
যারা আজ দেশে-বিদেশে প্রতিষ্ঠিত, সমাজে সম্মানিত স্থান অর্জন করেছেন-তাঁরাই আজ উদ্যোগ নিয়েছেন এই পুনর্মিলনী আয়োজনের। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় মাদরাসা প্রাঙ্গণ পরিণত হবে আনন্দ ও প্রেরণার এক মিলনক্ষেত্রে।
সুন্দর এই মিলনমেলায় বিভিন্ন সেশনের শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে পরিচিত হবেন, কুশল বিনিময় করবেন এবং জানতে পারবেন একে অপরের কর্মক্ষেত্র ও অর্জনের কথা। পুরনো দিনের স্মৃতি ভাগাভাগি করে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করবেন সবাই।
এই অনুষ্ঠানের মাধ্যমে মাদরাসার সুনাম ও মর্যাদা আরও ছড়িয়ে পড়বে দেশ-বিদেশে। প্রতিষ্ঠানটির গৌরবোজ্জ্বল ইতিহাস ও অবদান নতুন প্রজন্মের সামনে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
অনুষ্ঠানটি ইনশাআল্লাহ ২০২৬ সালের জানুয়ারির শেষ দিকে অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট প্রাক্তন শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আমরা আশাবাদী, এই ঐতিহাসিক অনুষ্ঠানটি হবে সফল ও স্মরণীয়।
আসুন, সবাই মিলে দোয়া করি, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার অগ্রযাত্রা হোক অব্যাহত, আলোকিত হোক আগামী প্রজন্মের পথ।



মন্তব্য করুন