মৌলভীবাজারের উন্নয়নে ধানের শীষে ভোট দিন-নাসের রহমান

November 27, 2025,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার সদর উপজেলার কাগাবালা বাজার, রতনপুর পয়েন্ট ও পদিনাপুর বাজার বুধবার ২৬ নভেম্বর বিকেল থেকে রাত পর্যন্ত রূপ নেয় নির্বাচনী উৎসবে। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান গণসংযোগে নামলে তিনটি বাজারেই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

গণসংযোগে নাসের রহমান দোকানে দোকানে গিয়ে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, পথচারীদের খোঁজখবর নেন। এলাকার দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা ও মানুষের প্রত্যাশা মনোযোগ দিয়ে শোনেন তিনি। তাঁকে সামনে পেয়ে অনেকে করমর্দন, শুভেচ্ছা বিনিময়, ছবি তোলা এবং ধানের শীষের স্লোগানে মুখর করে তোলেন পুরো পরিবেশ।

জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুগ্ধ নাসের রহমান বলেন, মানুষের ভালোবাসা আমাকে নতুনভাবে অনুপ্রাণিত করেছে। ধানের শীষের প্রতি জনগণের আস্থা দেখে আমি আশাবাদী—এই নির্বাচনে ইনশাল্লাহ আমরা বিপুল ভোটে বিজয়ী হব।

গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন জেলা বিএনপি নেতা বকশী মিছবাহ উর রহমান, বদরুল আলম, মো: ফখরুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান, সোহান, সাংগঠনিক সম্পাদক ইমামুল হক রিপনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।

মৌলভীবাজারের দীর্ঘদিনের অবহেলা বঞ্চনার কথা উল্লেখ করে নাসের রহমান আরও বলেন, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য—সবখানেই সংকট। ধানের শীষ বিজয়ী হলে দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে। মৌলভীবাজারকে আধুনিক, পরিকল্পিত ও সম্ভাবনাময় মডেল জেলা হিসেবে গড়ে তোলা আমার লক্ষ্য।

গণসংযোগ চলাকালে তিনটি বাজার ঘুরে দেখা যায়—দোকানদার, শ্রমজীবী মানুষ, তরুণ বয়স্ক সবাই পরিবর্তনের প্রত্যাশায় উচ্ছ্বসিত। অনেকে বলেন, এইবার ধানের শীষ এইবার উন্নয়ন চাই।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com