শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে বিদায় নিলেন এসপি জাহাঙ্গীর হোসেন
স্টাফ রিপোর্টার : ১৪ মাস সফলভাবে দায়িত্ব পালন শেষে মৌলভীবাজার জেলা পুলিশের সকলের শ্রদ্ধা ও ভালোবাসায় বিদায় নিলেন পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।
২৯ নভেম্বর শনিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নবাগত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের নিকট দায়িত্ব হস্তান্তর করেন। শনিবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে মৌলভীবাজার জেলা পুলিশের একটি চৌকস দল বিদায়ী পুলিশ সুপারকে গার্ড অব অনার প্রদান করে।
এরপর সহকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে বাংলাদেশ পুলিশের চিরায়ত রীতি অনুযায়ী তিনি সুসজ্জিত, ফুলে সাজানো বিশেষ গাড়িতে চড়ে বিদায় নেন। জেলা পুলিশের সদস্যরা ফুলে সজ্জিত রশি টেনে গাড়িটি কার্যালয়ের প্রধান ফটক পর্যন্ত এগিয়ে দিয়ে প্রিয় অভিভাবককে বিদায় জানান।
এর আগে মৌলভীবাজার পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় বিদায়ী পুলিশ সুপারকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। একই অনুষ্ঠানে নবাগত পুলিশ সুপারকে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়।
উল্লেখ্য, বদলি সূত্রে এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ঢাকায় যোগদান করবেন।



মন্তব্য করুন