৩ বছরে ৩০ বছরের উন্নয়ন’ শ্রীমঙ্গল পৌরসভা নিয়ে সরফরাজ সরফুর পরিকল্পনা

September 6, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল পৌরসভাকে আধুনিক, পরিচ্ছন্ন ও পর্যটনবান্ধব নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর সরফরাজ আহমেদ সরফু। আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে তিনি বলেছেন, নির্বাচিত হলে পাঁচ বছরের পরিবর্তে তিন বছরের মধ্যেই দীর্ঘদিনের উন্নয়ন ঘাটতি পূরণে কাজ করবেন।

শনিবার ৫ সেপ্টেম্বর শ্রীমঙ্গল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন সরফরাজ আহমেদ সরফু।

সভায় নিজের নির্বাচনী ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে সরফরাজ আহমেদ বলেন, ‘আপনারা আমাকে মেয়র নির্বাচিত করলে পাঁচ বছর নয়, মাত্র তিন বছরে বিগত ৩০ বছরের উন্নয়ন করে দেখাবো ইনশাআল্লাহ। ব্যর্থ হলে পাঁচ বছর মেয়াদ পূরণের অপেক্ষা না করে পদত্যাগ করে চলে যাবো।’

তিনি বলেন, শ্রীমঙ্গল শুধু একটি পৌরসভা নয়, এটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র। পর্যটনের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও শহরের নাগরিক সুবিধা ও অবকাঠামো এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। এ চিত্র পরিবর্তনে সমন্বিত পরিকল্পনা গ্রহণের প্রয়োজন রয়েছে।

সরফরাজ আহমেদ বলেন, শ্রীমঙ্গলের উন্নয়ন পরিকল্পনায় পর্যটন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। পর্যটকদের সুযোগ-সুবিধা বাড়ানো, শহরের সৌন্দর্যবর্ধন এবং আধুনিক নাগরিক সেবা নিশ্চিত করার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পৌরসভার সম্প্রসারণ, ময়লার ভাগাড় স্থানান্তর এবং শিশু উদ্যানকে দখলমুক্ত করে সেখানে আধুনিক পার্ক ও ওয়াকওয়ে নির্মাণের বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।

শহরের যানজট নিরসনে সড়ক প্রশস্তকরণ, অপরিকল্পিত বৈদ্যুতিক খুঁটি অপসারণ, ফুটপাত দখলমুক্ত করা এবং পরিচ্ছন্নতা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি। একই সঙ্গে শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সংরক্ষণ করে পর্যটন উপযোগী করে তোলার ওপর গুরুত্ব দেন।

সরফরাজ আহমেদ বলেন, ‘শহরের সৌন্দর্য শুধু রাস্তা-ঘাট দিয়ে হয় না। নাগরিকদের জন্য নিরাপদ ফুটপাত, পরিচ্ছন্ন পরিবেশ, উন্নত স্যানিটেশন এবং পরিকল্পিত নগর ব্যবস্থাপনাও নিশ্চিত করতে হবে।’

নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তিনি বলেন, ‘আমি এই শহরের সন্তান। এবারই প্রথম এবং শেষবারের মতো নির্বাচনে অংশ নিতে চাই। দ্বিতীয়বার নির্বাচন করবো না।’ তিনি বলেন, নির্বাচনে জয়ী হতে না পারলেও এলাকার মানুষ হিসেবে শ্রীমঙ্গল পৌরসভার উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করে যাবেন।

শ্রীমঙ্গল প্রেস ক্লাবের আহ্বায়ক সৈয়দ সালাউদ্দিন, সদস্য সচিব রুবেল আহমদ, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, সৈয়দ আমিরুজ্জামান, সৈয়দ ছায়েদ আহমদ, মো: সাইফুল ইসলাম, এম এ রকিব. এম এ রক, শাহাব উদ্দিন, এহসানুল হকসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাংবাদিকরা শ্রীমঙ্গরের বিভিন্ন নাগরিক সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।

আলোচনায় শহরের পরিচ্ছন্নতা, যানজট, ফুটপাত দখল, স্যানিটেশন, রাস্তাঘাট, বর্জ্য ব্যবস্থাপনা এবং ঐতিহ্যবাহী স্থাপনা সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পায়।

সাংবাদিকরা বলেন, পর্যটননির্ভর শহর হিসেবে শ্রীমঙ্গলকে এগিয়ে নিতে শুধু অবকাঠামো নির্মাণ যথেষ্ট নয়; প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা, কার্যকর বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা।

সভায় সরফরাজ আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং নির্বাচিত হলে তার পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে শ্রীমঙ্গল পৌরসভাকে আরও আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com