বিজয়া দশমীর মূল আকর্ষণ সনাতন ধর্মাবলম্বী নারীদের সিঁদুর খেলা

সাইফুল ইসলাম : শুভ বিজয়া দশমীর মধ্য দিয়ে সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গোৎসবের।
মৌলভীবাজার জেলার ১০২২টি পূজামণ্ডপে বিদায়ের করুণ সুরের পাশাপাশি ছড়িয়ে পড়েছে সিঁদুর খেলার আনন্দময় আমেজ। দেবী দুর্গার বিদায়বেলায় তাঁর চরণপদ্মে সিঁদুর নিবেদন শেষে নারীরা একে অপরের কপালে সিঁদুর মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন এবং স্বামী ও পরিবারের মঙ্গল কামনা করছেন। ষষ্ঠী থেকে শুরু হওয়া ছয় দিনের আনন্দ-উৎসব শেষে ২১ অক্টোবর বুধবার অঞ্জলি প্রদান, সিঁদুর খেলা ও শাস্ত্রীয় আচার-অনুষ্ঠান শেষে প্রতিমা বিসর্জনের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, বিজয়া দশমী হলো অশুভ শক্তির ওপর শুভ ও সত্যের শাশ্বত বিজয়ের প্রতীক। পৌরাণিক আখ্যান অনুসারে, এই পুণ্য তিথিতেই দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে এনেছিলেন। তাই এই দিনটি গভীর ধর্মীয় তাৎপর্যের পাশাপাশি মানবসমাজে ন্যায় ও কল্যাণের বিজয়ের বার্তা বহন করে।
বিজয়া দশমীর শুভ লগ্নে ২১ অক্টোবর বুধবার সকাল থেকেই প্রতিটি মণ্ডপে দেবীর পূজা, পুষ্পাঞ্জলি ও শেষ মুহূর্তের ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। এরপর শাস্ত্রীয় নিয়ম মেনে সম্পন্ন হয় ‘দর্পণ বিসর্জন’। বিদায়ের এই ক্ষণে মণ্ডপে মণ্ডপে বিবাহিত নারীরা একে অপরের কপালে ও সিঁথিতে সিঁদুর রাঙিয়ে ঐতিহ্যবাহী সিঁদুর খেলায় মেতে ওঠেন।
পূজার শাস্ত্রীয় আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে বর্ণাঢ্য বিজয়া শোভাযাত্রা। ঢাক-ঢোল ও কাঁসরের শব্দে এবং ভক্তদের জয়ধ্বনিতে মুখরিত হয়ে প্রতিমা নিয়ে যাওয়া হবে নির্ধারিত বিসর্জন ঘাটে। রাজধানী ঢাকাসহ দেশের প্রতিটি শহর, গ্রাম ও বন্দরে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে হাজারো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটবে। উৎসবের এই আনন্দে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের উপস্থিতি বাংলাদেশের অসাম্প্রদায়িক সম্প্রীতি ও বহুত্ববাদী সংস্কৃতিকে আবারও স্পষ্ট করে তোলে।
বিজয়া দশমী কেবল দেবী দুর্গার বিদায়-বেদনা নয়; এটি অশুভকে বিনাশ করে শুভ বোধের জাগরণ এবং মানুষের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার এক বিশেষ বার্তা। বিদায়লগ্নে ভক্তদের আকুল প্রার্থনা-পৃথিবী থেকে চিরতরে দূর হোক সব অশান্তি ও কলুষতা, প্রতিষ্ঠিত হোক শাশ্বত শান্তি ও পরম কল্যাণ।
উল্লেখ্য, গত শুক্রবার ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসব আজ বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হচ্ছে।



মন্তব্য করুন