শ্রীমঙ্গলে ২২ মন্দিরে চাল-ডাল উপহার দিলেন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল

October 20, 2026,

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করতে ভুনবীর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে চাল ও ডাল উপহার দিয়েছেন শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বেলাল আহমেদ।

ভুনবীর ইউনিয়নের ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে ২০টি পূজামণ্ডপ এবং মির্জাপুর ইউনিয়নের দুটি মন্দিরসহ মোট ২২টি মন্দিরে তিনি ২২ বস্তা চাল ও ২২ বস্তা ডাল উপহার দেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের পূজার শুভেচ্ছা জানান।

বেলাল আহমেদ বলেন, ভুনবীর ইউনিয়ন সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। এখানে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন। ধর্ম যার যার, উৎসব সবার-এই চেতনা আমাদের সবার মধ্যে ধারণ করতে হবে। দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। তাঁদের এই আনন্দে পাশে থাকতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, আমাদের সমাজে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখা অত্যন্ত জরুরি। একে অপরের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই একটি সুন্দর, মানবিক ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি বলেন, সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরীর নির্দেশনায় ব্যক্তিগত উদ্যোগে তিনি পূজামণ্ডপগুলোতে এ অনুদান পৌঁছে দেন। পাশাপাশি, শ্রীমঙ্গল উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উপজেলার সব পূজামণ্ডপে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা ও নজরদারি করার নির্দেশনা দেন।

চাল ও ডাল উপহার দেওয়ার এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন জোরদারের একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় মুরব্বি রহমান মিয়া, ভুনবীর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিষু দেব, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ, ভুনবীর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুল ইসলাম সাইফুল ও সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বকুল। এ ছাড়া বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com