এম সাইফুর রহমানের মৃ/ত্যু নিছক দু/র্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি করেন রিজভী

September 7, 2026,

স্টাফ রিপোর্টার : সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন, সেটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র ছিল, তা খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার ৭ সেপ্টেম্বর দুপুরে জাতীয় প্রেসক্লাবে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, সাইফুর রহমানের মতো একজন অর্থনীতিবিদের মৃত্যু নিয়ে প্রশ্ন থাকতেই পারে। দেশের অর্থনীতির শক্ত ভিত্তি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই নেতার মৃত্যু দুর্ঘটনা, নাকি এর পেছনে জাতীয় বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল, সেটি খুঁজে বের করতে হবে।

তিনি বলেন, এম সাইফুর রহমান নানা অবদানের কারণে জাতির সম্পদ। তার অর্জন দেশে-বিদেশে স্বীকৃত। তার পরে আর কেউ অর্থমন্ত্রী হিসেবে তাকে ছাড়িয়ে যেতে পারেননি।

রিজভী বলেন, দেশের অর্থনীতির ভিত্তি তৈরিতে এম সাইফুর রহমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য আন্তর্জাতিক পর্যায়েও তিনি সম্মানিত ছিলেন।

তিনি বলেন, দারিদ্র্য দূরীকরণে বিএনপি সরকার চ্যাম্পিয়ন ছিল। সাইফুর রহমানের অর্থনৈতিক ব্যবস্থাপনা ও নীতি অনুসরণ করে বাংলাদেশ আবারও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে এবং দারিদ্র্য দূরীকরণের মাধ্যমে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান এমন একজন ছিলেন, যিনি সারা বিশ্বে অভিনন্দিত হয়েছেন। অর্থমন্ত্রী হিসেবে তার সুপার ক্যাপাসিটি ছিল। তার কৃষি অর্থনীতির কর্মসূচিগুলো দেশে কার্তিক মাসের অভাবের সময় দূরীভূত করেছে।

শেয়ার বাজার লুট নিয়ে তিনি আরও বলেন, সাইফুর রহমান যখন অর্থমন্ত্রী ছিলে তখন শেয়ার বাজার লুট হয়নি। এটি তার বিশাল অবদান। দেশের অর্থনীতিকে একটি মজবুত জায়গায় নিতে সাইফুর রহমানের বিশাল অবদান ছিল।

রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির আমল সব সময় গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের। দারিদ্র্য দূরীকরণে বিএনপি সবসময়ই ছিল চ্যাম্পিয়ন।’

তিনি আরও বলেন, একটি দেশ কৃষি অর্থনীতির ওপর ভিত্তি করে সমৃদ্ধির দিকে যাবে এটা কেউ ভাবতে পারেনি। অর্থমন্ত্রী হিসেবে সাইফুর রহমান পেরেছিলেন। আজকে দেশের অর্থনীতির যে ভীত তা সাইফুর রহমানের একক অবদান। সামাজিক সুরক্ষা ধারণা এদেশে প্রথম দিয়েছিলেন সাইফুর রহমান।

উল্লেখ্য ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এম সাইফুর রহমান মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়ীয়া জেলার ঢাকা-সিলেট মহা সড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পানিতে ডুবে শাহাদত বরণ করেন।

এম সাইফুর রহমান বানিজ্য মন্ত্রী, একাধিকবার অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। জাতীয় সংসদে অর্থমন্ত্রী হিসেবে ১২ টি বাজেট পেশ করেছেন। এছাড়াও তিনি ভ্যাটের প্রবর্তক ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com