শ্রীমঙ্গলে বিদেশি মদ ও চায়নিজ চা/কুসহ আ/ট/ক ৩

শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে দুই নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, বিদেশি মদ, একটি চায়নিজ চাকু ও নগদ ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার ১৩ অক্টোবর সন্ধ্যায় শ্রীমঙ্গল পৌর এলাকার শাপলাবাগ ও সবুজবাগ এলাকায় স্থানীয় থানা-পুলিশের সহযোগিতায় এসব অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন, শাপলাবাগ এলাকার সুমি বেগম (২৬) ও পাখি আক্তার (২৪) এবং সবুজবাগ এলাকার সুজিত চন্দ্র দাস (৩৪)।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শাপলাবাগ এলাকায় অভিযান চালিয়ে সুমি বেগম ও পাখি আক্তারকে আটক করা হয়। তাঁরা ওই এলাকার দুটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। এ সময় তাঁদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা, একটি চায়নিজ চাকু এবং মাদক বিক্রির ৭ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন শহরের সবুজবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ক্ষিরিশ চন্দ্র দাসের ছেলে সুজিত চন্দ্র দাসকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে বিদেশি মদ উদ্ধার করে জব্দ করেন অভিযানসংশ্লিষ্ট কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মৌলভীবাজারের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমল কুমার সেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, এলাকায় মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



মন্তব্য করুন