মঙ্গলবার কমলগঞ্জে মণিপুরি সম্প্রদায়ের বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে মহারাসলীলা

প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জে ২৪ নভেম্বর মঙ্গলবার মণিপুরি সমাপ্রদায়ের প্রধান ধর্মীয় ও প্রাণের উৎসব ‘রাসপূর্ণিমা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ বছর কমলগঞ্জের মাধবপুরে ১৮৪তম মহারাস উৎসব এবং আদমপুরে ৪১তম রাসপূর্ণিমা উৎসব উদযাপিত হবে। উৎসবকে ঘিরে কমলগঞ্জের মণিপুরি অধ্যুষিত গ্রাম ও পাড়াগুলোতে এখন আনন্দের জোয়ার বইছে। ইতোমধ্যে মৃদঙ্গের গম্ভীর ধ্বনি, মন্দিরার রিনিঝিনি আর শিল্পীদের নুপুরের শব্দে মুখর হয়ে উঠেছে কমলগঞ্জের মণিপুরি পাড়াগুলো। একদিনের এই উৎসবের স্থায়িত্বকাল একটি রজনী। ঐ একটি রজনীকে কেন্দ্র করে মণিপুরিদের সংস্কৃতির এক বিশাল মিলন মেলায় পরিণত হয়। রাস উৎসবকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে কমলগঞ্জ উপজেলার মাধবপুর ও আদমপুরের মণিপুরি পাড়া সমুহে চলছে প্রস্তুতি ও উৎসবের আমেজ। রং ছড়িয়ে মন্ডপ সমুহকে সাজানো হচ্ছে নতুন সাজে। মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ সম্প্রদায় পৃথক পৃথক স্থানে আয়োজন করলেও উৎসবের অন্ত:স্রোত, রসের কথা, আনন্দ-প্রার্থনাা সব একই। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্য সুন্দর মানবপ্রেম। রসোৎসবকে কেন্দ্র করে মাধবপুর ও আদমপুরে বসবে বিশাল মেলা।
ঐতিহ্য মেনে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে মাধবপুরের শিববাজারের ঐতিহাসিক জোড়ামণ্ডপে (পাশাপাশি তিনটি মণ্ডপ) এবং আদমপুর রাস পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির আয়োজনে আদমপুরের তেতইগাঁওয়ে কেন্দ্রীয় মণ্ডপ ও মণিপুরি কালাচাল কমপ্লেক্স প্রাঙ্গণে রাতভর এই মহোৎসব চলবে। মণিপুরিদের এই বর্ণিল উৎসব দেখতে প্রতি বছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে হাজারো দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটবে বলে আশা করছেন আয়োজকেরা।
মণিপুরি মহারাস উৎসব মূলত দুটি প্রধান পর্বে বিভক্ত। একটি হলো দিনের আলোয় ‘রাখালরাস’ বা রাখালনৃত্য ও রাতের গভীরে মূল আকর্ষণ ‘মহারাস নৃত্য’। উৎসবের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই রাখালরাসের প্রস্তুতি শুরু হয়। সকাল ১১টা থেকে রাখালনৃত্য, রাত ১১টায় উৎসবের সবচেয়ে আকর্ষণীয় পর্ব ‘মহারাস নৃত্য’ শুরু হয়।
মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের সভাপতি চাঁদমুরারী সিংহ বলেন, ‘এ বছর অনুষ্ঠানটি দুদিন ব্যাপী আয়োজন করা হবে। ২৩ নভেম্বর সোমবার সন্ধ্যা ৬টায় দুইদিনব্যাপী মহোৎসবের শুভ উদ্বোধন করবেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ সময় রাসের স্মারকগ্রস্থ উন্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরের দিন ২৪ নভেম্বর সকাল থেকে মূল উৎসব শুরু হবে। মাধবপুর জোড়ামন্ডপে অনুষ্ঠিত রাসোৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক) বিজন কান্তি সরকার, মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব), সিলেটের বিভাগীয় কমিশনার মো: মশিউর রহমান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব দেবজিৎ সিংহ, মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, পুলিশ সুপার মো: মনিরুল ইসলাম, মণিপুরি সমাজ কল্যাণ সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি প্রতাপ চন্দ্র সিংহ।
অপরদিকে আদমপুর রাস পূর্ণিমা উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সমরেন্দ্র কুমার সিংহ বলেন, আমরা অত্যন্ত আশাবাদী, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সরব উপস্থিতিতে এই উৎসব প্রাঙ্গণ এক সুমহান মিলনমেলায় পরিণত হবে।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সন্দ্বীপ তালুকদার বলেন, রাস উৎসবে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তাসহ সহযোগিতা থাকবে।
রাস উৎসব আয়োজকদের সূত্রে জানা গেছে, ‘মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র প্রথম মণিপুরে শ্রীশ্রীমহারাসলীলা বা রাসমেলা প্রবর্তন করেছিলেন। ‘রাস’ শব্দটা এসেছে জগৎপতি কৃষ্ণের ১২ ধরনের রস থেকে। এই রাসের সঙ্গে মেলা যুক্ত হয়ে ‘রাসমেলা’ হয়েছে। তবে ১২টি রসের মধ্যে রাসলীলায় মূলত সখ্য, বাৎসল্য ও মধুর এই তিনটি রসের উপস্থাপনই হয়ে থাকে। উৎসবটা মণিপুরি সম্প্রদায়ের হলেও এটি এখন ধর্মীয় গন্ডি পেরিয়ে বাংলাদেশে বসবাসরত মণিপুরি সংস্কৃতির বিশাল মিলন মেলায় পরিণত হয়েছে।



মন্তব্য করুন