পাকিস্তানের সংসদে নাসের রহমানের নেতৃত্বে নতুন কূটনৈতিক তৎপরতা

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ও পাকিস্তানের সংসদীয় সম্পর্ক জোরদারের পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণে নতুন উদ্যোগের আলোচনা শুরু হয়েছে। ১৭ বছর ধরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যে স্থবিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তা কাটিয়ে উঠতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) এবং পাট ও তুলা রপ্তানির মতো সম্ভাবনাময় খাত চিহ্নিত করার ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা।
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠক এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক সংসদীয় টাস্কফোর্সের সঙ্গে পৃথক বৈঠকে এসব বিষয় উঠে আসে।
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বে প্রথমবারের মতো পাকিস্তান সফর করছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। এ প্রতিনিধিদলে রয়েছেন বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান, মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম. নাসের রহমান।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য জহরত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান এবং নিলুফার চৌধুরী মনি।
স্পিকার আয়াজ সাদিকের সৌজন্য সাক্ষাৎ :
পাকিস্তানের পার্লামেন্ট হাউসে বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের বৈঠকের সূচনালগ্নে বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
পাকিস্তানের জাতীয় পরিষদের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের মধ্যে সংসদীয় কূটনীতি জোরদার এবং দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক সম্পর্ক গড়ে তোলার বিষয়ে পাকিস্তানের পার্লামেন্টের গুরুত্বারোপের প্রতিফলন ঘটেছে এই সাক্ষাতে।
বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা পাকিস্তানে উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে স্পিকারের পদটির নিরপেক্ষতা, মর্যাদা ও প্রাতিষ্ঠানিক অবস্থান অক্ষুণ্ন রাখার ক্ষেত্রে তাঁর অঙ্গীকার এবং সংসদীয় যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে নেওয়া উদ্যোগের প্রশংসা করেন।
এসডিজি টাস্কফোর্সের সঙ্গে বৈঠক, বাণিজ্যে নতুন প্রস্তাব :
এরপর ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে এসডিজি সচিবালয়ে পাকিস্তানের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক সংসদীয় টাস্কফোর্সের আহ্বায়ক শাইস্তা পারভেজ এবং এর সদস্যদের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের প্রতিনিধিদল।
বৈঠকে পাকিস্তানের পক্ষ থেকে দুই দেশের সংসদীয়, অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়। অভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয় ও ঐতিহাসিক বন্ধনের পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বৃদ্ধি, নিয়মিত সংসদীয় বিনিময় এবং জলবায়ু পরিবর্তনের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন শাইস্তা পারভেজ।
তিনি জানান, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাকে জাতীয় উন্নয়ন এজেন্ডা হিসেবে গ্রহণে পাকিস্তানের জাতীয় পরিষদ সর্বসম্মত প্রস্তাব পাস করেছিল।
বাংলাদেশের প্রতিনিধিদলও এসডিজি বাস্তবায়নে দেশের অগ্রগতি ও চ্যালেঞ্জ তুলে ধরে। বিশেষ করে স্বাস্থ্য, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈষম্য হ্রাস, টেকসই নগরায়ণ এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠাসহ এসডিজির ৩, ৮, ১০, ১১ ও ১৬ নম্বর লক্ষ্যের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি দারিদ্র্য বিমোচন, শিক্ষা, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং পরিচ্ছন্ন জ্বালানিতে বাংলাদেশের অগ্রগতির কথাও তুলে ধরা হয়।
দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) নিয়ে আলোচনা এবং পারস্পরিকভাবে লাভজনক খাত চিহ্নিত করার প্রস্তাব দেন বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্যরা। বিশেষ করে তুলা ও পাট রপ্তানির সম্ভাবনার বিষয়টি গুরুত্ব পায়। গত ১৭ বছর ধরে দ্বিপক্ষীয় বাণিজ্য স্থবির হয়ে থাকার বিষয়েও উদ্বেগ জানিয়ে অর্থনৈতিক যোগাযোগ নতুন করে গতিশীল করার আহ্বান জানানো হয়।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও ক্ষুদ্রঋণ নিয়ে আলোচনা :
বৈঠকে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, ক্ষুদ্রঋণ, জনসংখ্যা ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, পোলিও নির্মূল এবং পরিচ্ছন্ন জ্বালানির বিষয়গুলোও আলোচনায় আসে।
শাইস্তা পারভেজ বাংলাদেশের অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ এবং জনসংখ্যা ব্যবস্থাপনায় অগ্রগতির প্রশংসা করেন। এ ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা ও কার্যকর উদ্যোগ বিনিময়ের ওপর গুরুত্ব দেন তিনি।
পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের নারী উদ্যোক্তাদের সহায়তায় অর্থায়ন সুবিধা, ঋণে সংরক্ষিত কোটা, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সঙ্গে সম্পৃক্ততা এবং জাতীয় নীতিমালার আওতায় বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি।
পাকিস্তানের সংসদ সদস্য তামকিন আখতার নিয়াজি নারী উদ্যোক্তাদের ক্ষুদ্রঋণ ও স্বল্প পরিমাণ ঋণ প্রদানের ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন। পোলিও নির্মূল, স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থার উন্নয়নেও দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশের প্রতিনিধিদল বিশ্বব্যাংকের ওয়ান হেলথ প্রকল্প বাস্তবায়নে দেশের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরে। পাশাপাশি পাকিস্তানের অর্থনীতির ডিজিটাল রূপান্তরের অগ্রগতির প্রশংসা করে।
পাকিস্তানে ২২ লাখ বাংলাভাষী, ভিসা জটিলতার প্রসঙ্গ :
বৈঠকে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য সৈয়দ হাফিজউদ্দিন দেশটিতে বসবাসরত প্রায় ২২ লাখ বাংলাভাষী মানুষের প্রসঙ্গ তুলে ধরেন। বিশেষ করে করাচির কোরাঙ্গি ও মাচার কলোনিতে বসবাসরত বাংলাভাষী জনগোষ্ঠীর অনেকে মৎস্য আহরণ ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানান তিনি।
বাংলাদেশ সফরে আগ্রহী এই জনগোষ্ঠীর সদস্যদের ভিসা পেতে যেসব জটিলতার মুখোমুখি হতে হয়, সে বিষয়টিও তিনি আলোচনায় তুলে ধরেন।
পাকিস্তানের সংসদ সদস্য রিয়াজ ফাতিয়ানা জনসংখ্যা ব্যবস্থাপনা ও মৎস্য রপ্তানিতে বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন। এসডিজির ১, ২, ৪, ৮, ১৩ ও ১৬ নম্বর লক্ষ্য বাস্তবায়নে গবেষণা, সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য দুই দেশের পার্লামেন্টের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের প্রস্তাব দেন তিনি।
অন্যদিকে পাকিস্তানের সংসদ সদস্য শের আলী আরবাব বাংলাদেশের রপ্তানিনির্ভর অর্থনৈতিক প্রবৃদ্ধি, বিশেষ করে তৈরি পোশাক খাত এবং বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধির প্রশংসা করেন। দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।
পরিচ্ছন্ন জ্বালানিতে পাকিস্তানের অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান :
এসডিজির সাত নম্বর লক্ষ্য তথা সাশ্রয়ী ও পরিচ্ছন্ন জ্বালানি বাস্তবায়নে পাকিস্তানের অগ্রগতিরও প্রশংসা করে বাংলাদেশের প্রতিনিধিদল। বিশেষ করে বেসরকারি খাতে সৌরবিদ্যুৎ উদ্যোগের সম্প্রসারণের বিষয়টি গুরুত্ব পায়। নবায়নযোগ্য জ্বালানি প্রসারে পাকিস্তানের অভিজ্ঞতা, নীতিগত পদক্ষেপ ও প্রণোদনা সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়ের আহ্বান জানানো হয়।
এসডিজি টাস্কফোর্সের বৈঠকে পাকিস্তানের সংসদ সদস্য সৈয়দ হাফিজউদ্দিন, ফারাহ নাজ আকবর, রিয়াজ ফাতিয়ানা, ফয়সাল আমিন গান্দাপুর, শের আলী আরবাব, তামকিন আখতার নিয়াজি ও রোমিনা খুরশিদ আলম উপস্থিত ছিলেন।
সংসদীয় কূটনীতিতে নতুন সম্ভাবনা :
একই সফরে পাকিস্তানের নারী সংসদীয় ককাসের (ডব্লিউপিসি) সঙ্গেও বাংলাদেশের প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে নারী অধিকার সুরক্ষা, রাজনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, সমতা প্রতিষ্ঠা এবং বাংলাদেশে একটি সর্বদলীয় নারী সংসদীয় ককাস গঠনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।
সব মিলিয়ে বাংলাদেশের প্রথম সংসদীয় প্রতিনিধিদলের পাকিস্তান সফরে কেবল আনুষ্ঠানিক সৌজন্য বিনিময় নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ, সংসদীয় সহযোগিতা, নারী ক্ষমতায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও টেকসই উন্নয়নসহ বহুমাত্রিক বিষয়ে আলোচনা হয়েছে।
বাংলাদেশ-পাকিস্তান সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান হিসেবে এম. নাসের রহমানের এই সফরে অংশগ্রহণ বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দেশের আইনপ্রণেতাদের মধ্যে যোগাযোগ বাড়ানো এবং সংসদীয় কূটনীতির মাধ্যমে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে এই সফরে।



মন্তব্য করুন