ইসলামাবাদে নাসের রহমানকে ঘিরে নতুন সংসদীয় কূটনীতি

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের নতুন সমীকরণে এবার সামনে আসছে সংসদীয় কূটনীতি। দুই দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনকে প্রাতিষ্ঠানিক সহযোগিতায় রূপ দিতে ইসলামাবাদে শুরু হয়েছে সংসদীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ তৎপরতা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ও সংসদ সদস্য নাসের রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক।
ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে স্পিকারের চেম্বারে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের সংসদের মধ্যে সম্পর্ক জোরদার, সংসদীয় কূটনীতির বিস্তার এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। বাংলাদেশের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার।
পাকিস্তানের বিভিন্ন সংসদীয় ফোরাম এবং পাকিস্তান-বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের সঙ্গে বৈঠক শেষে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশি সংসদ সদস্যরা। এ সময় পাকিস্তানের সংসদীয় ফোরামগুলোর সঙ্গে তাঁদের আলোচনা ও মতবিনিময়কে অর্থবহ এবং ফলপ্রসূ হিসেবে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিকের একটি উদ্যোগ। সংসদীয় ফোরামগুলোর কার্যক্রম প্রাদেশিক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের লক্ষ্যে তাঁর নেওয়া উদ্যোগের প্রশংসা করেন বাংলাদেশি প্রতিনিধিরা। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সংসদীয় কার্যক্রমকে আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি জনপ্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বাড়াতে সহায়ক হবে।
বৈঠকে উভয় পক্ষ সংসদীয় যোগাযোগের বর্তমান গতি ধরে রাখা এবং দুই দেশের আইনসভাগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। সংসদীয় কূটনীতি, অভিজ্ঞতা বিনিময় এবং অভিন্ন সংসদীয় লক্ষ্য বাস্তবায়নে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়। নাসের রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধিদলে আরও রয়েছেন সংসদ সদস্য জাহরাত আদিব চৌধুরী, যিনি পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য। অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান ও নিলুফার চৌধুরী মনি।
সংসদীয় কূটনীতিতে নতুন সম্ভাবনা :
কূটনৈতিক পর্যবেক্ষণে এই বৈঠকের তাৎপর্য কেবল সৌজন্য সাক্ষাতের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং দুই দেশের সংসদীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে সরাসরি যোগাযোগ, অভিজ্ঞতা বিনিময় এবং সহযোগিতার ধারাবাহিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সামনে এসেছে।
বিশেষ করে বাংলাদেশ-পাকিস্তান পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান হিসেবে নাসের রহমানের ভূমিকা এ সফরে বিশেষ গুরুত্ব পাচ্ছে। সংসদীয় পর্যায়ে দুই দেশের যোগাযোগকে আরও কার্যকর ও গতিশীল করার ক্ষেত্রে এই গ্রুপের কার্যক্রম ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
দুই দেশের সংসদীয় প্রতিনিধিদের এই ধারাবাহিক যোগাযোগ রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতার ক্ষেত্রেও নতুন আলোচনার সুযোগ তৈরি করতে পারে। তবে এসব সম্ভাবনা বাস্তবায়নে নিয়মিত সংলাপ ও কার্যকর উদ্যোগই হবে মূল চাবিকাঠি। ইসলামাবাদের এই বৈঠকের মধ্য দিয়ে ঢাকাুইসলামাবাদ সংসদীয় সম্পর্কের ক্ষেত্রে নতুন অধ্যায়ের সম্ভাবনা আরও স্পষ্ট হলো।



মন্তব্য করুন