গাছ কাটতে বাধা দেওয়ায় কুপিয়ে গুরুত্বর আহত প্রিং খাসিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ

October 13, 2018,

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুম এলাকায় গাছ চুরিতে বাধা দেওয়ায় গাছচোরদের দায়ের কূপে আহত প্রিং খাসিয়াকে ঢাকায় পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ঘটনার ও থানায় মামলা দেওয়ার ৮ দিনেও পুলিশ কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি। ৪ অক্টোবর সকালে কমলগঞ্জের ডবলছড়া খাসিয়া পুঞ্জির পান জুমে এ ঘটনা ঘটেছিল।

ডবলছড়া পান জুমে গাছচোরচক্রের দায়ের কুপে প্রিং খাসিয়া (৪০) গুরুতর আহত হলে গত ৪ অক্টোবর রাতেই এ পুঞ্জির সদস্য ভিক্টর সুমের খাসিয়া বাদি হয়ে কমলগঞ্জ থানায় মামলা করেছিলেন। এ মামলায় গাছচোর জয়নাল মিয়া (৪০), জমশেদ মিয়া (৩৮) ও কামরুল মিয়া (৩৫)কে আসামী করা হয়েছিল। আসামীদের মাঝে কামরুল মিয়া একটি গণ ধর্ষণ মামলার অন্যতম আসামী বলেও পুলিশি সূত্রে জানা যায়।

ডবলছড়া খাসিয়া পুঞ্জির হেডম্যান ভি প্রধান শুক্রবার বিকেলে এ প্রতিনিধিকে বলেন, সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন গাছচোরদের দায়ের কূপে প্রিং খাসিয়ার বাম হাতের হাড়ে বেশী আঘাত লেগেছিল। এখন তাকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে হবে। ২/১ দিনের মধ্যে প্রিং খাসিয়াকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলেও হেডম্যান ভি প্রধান জানান। তিনি ক্ষোভ প্রকাশ করে আরও জানান পুলিশ ঘটনার ৮ দিন পরও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি।

 মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মো. ফরিদ মিয়া বলেন ঘটনার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। এ জন্য তাদের গ্রেফতার করা যায়নি। তবে আসামীদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলেও জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com