সংস্কার কাজের তিন মাসের মাথায় সড়কে ধস

October 21, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি)-এর আওতায় কুলাউড়া-ভূকশিমইল সড়কে সংস্কার কাজের মাত্র তিন মাসের মাথায় প্রায় অর্ধ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে কার্পেট (পিচ ঢালাই) ধসে পড়ে বড় বড় ফাটলের সৃষ্টি হয়েছে।

সরেজমিন দেখা যায়, কুলাউড়া-ভূকশিমইল সড়কে ভূকশিমইল ইউনিয়নের প্রবেশদ্বার পালের মোড়া-কানেহাত গোগালী ছড়া ব্রিজ থেকে কানেহাত সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার বিভিন্ন স্থানে প্রায় অর্ধ কিলোমিটার দেবে গেছে। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক (আইডিএ) অর্থায়নে সেকেন্ড রুরাল ট্রান্সপোর্ট ইম্প্রুভমেন্ট (আরটিআইটি-২) প্রকল্পের মাধ্যমে এ কাজের দায়িত্ব পায় মো. মুহিবুর রহমান এর মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান এম আর ট্রেডিং। এ কাজের অগ্রগতি দেখার দায়িত্ব পান তদারকি কর্মকর্তা কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. ইসতিহাক হাসান।

গত বছরের ৫ সেপ্টেম্বর কাজ শুরু হয়। কাজ সমাপ্তের মেয়াদ চলতি বছরের ৩১ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৩ মাস আগে এই অংশের কাজটি সমাপ্ত করে এ প্রতিষ্ঠান। কিন্তু নতুন কার্পেটিং (পিচ ঢালাই) কাজের তিন মাস যেতে না যেতেই আচমকা মূল সড়ক থেকে প্রায় ৪-৫ ফুট জায়গা দেবে গিয়ে বিশাল ফাটলের সৃষ্টি হয়েছে।এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মো. মুহিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বৃষ্টির কারণে কাজ অনেকদিন বন্ধ ছিল। তবে কাজটি চলমান। যে জায়গায় ফাটল দেখা দিয়েছে সেটা আমরা মেরামত করবো। আমরা এখনো সংশি¬ষ্ট কর্তৃপক্ষকে কাজ শেষের দায়িত্বভার হস্তান্তর করিনি।

কাজের তদারকি কর্মকর্তা কুলাউড়া উপজেলা প্রকৌশলী মো. ইসতিহাক হাসান আজ বিকেলে মুঠোফোনে বলেন, নির্দিষ্ট সময়ে শেষ হওয়া প্রকল্পের কাজটি ঠিকাদারী প্রতিষ্ঠানের আবেদনের প্রেক্ষিতে কাজের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। রাস্তার ফাটলের বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে। তিনি এ কাজের বিল এখনো পাননি। তবে দেবে যাওয়া স্থানটি পূর্ণ মেরামত করে দিতে তিনি বাধ্য।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com