কুলাউড়ায় নিখোঁজের ৩ দিন পর যুবকের লা/শ রেললাইনের পাশে থেকে উদ্ধার

মাহফুজ শাকিল : ঢাকা থেকে ট্রেনে চড়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারের তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) এর মরদেহ তিন দিন পর ৯ অক্টোবর শুক্রবার উদ্ধার করেছে পুলিশ। উপজেলার মনু রেলস্টেশন সংলগ্ন রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত জুবায়ের ইসলাম উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের উত্তর হিঙ্গাজিয়া গ্রামের কাছিম আলীর পুত্র, জানাগেছে সে ঢাকায় একটি দোকানে কর্মচারী হিসেবে কাজ করতো।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৬ অক্টোবর সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে চড়ে নিজ বাড়ি ব্রাহ্মণবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন জুবায়ের। রাত ৭টার দিকে ট্রেনটি ভৈরব স্টেশন এলাকা অতিক্রম করার সময় পরিবারের সঙ্গে তাঁর সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।যথাসময়ে জুবায়ের বাড়ি না পৌঁছায় চরম উৎকণ্ঠায় পড়ে তাঁর পরিবার এবং তাকে খুঁজে পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে আকুতি জানান স্বজনেরা। তার নিখোঁজের তিন দিন পর ৯ অক্টোবর শুক্রবার মনু রেলস্টেশনে এলাকায় রেললাইনের পাশে তাঁর মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এদিকে নিখোঁজ জুবায়েরের লাশ রেললাইনের পাশে থেকে উদ্ধারের পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, ময়নাতদন্তের জন্য জুবায়েরের লাশ মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ জেনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন