কমলগঞ্জে প্রতিবন্ধী নারী ধর্ষণের আসামীকে গ্রেফতারের দাবিতে সুজনের স্মারকলিপি

প্রনীত রঞ্জন দেবনাথ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী এক নারী (২৭) ধর্ষণের শিকার ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা হলেও ৯দিনেও আসামী গ্রেফতার হয়নি। প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার আসামীকে গ্রেফতারের দাবিতে সু-শাসনের জন্য নাগরিক(সুজনের) নেতৃত্বে এলাকাবাসী মৌলভীবাজারের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করা হয়।
৫ নভেম্বর সোমবার বেলা সাড়ে ১২টায় আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামে এ ঘটনাটি ঘটেছিল। ধর্ষিতা নারী এক অসহায় কৃষকের ( ইমাম বক্সের-৭৫) মেয়ে।
ঘটনার পর সোমবার রাতেই নির্যাতিতার ভাই কমলগঞ্জ থানায় ধর্ষণকারী নওয়াব আলীকে (৫০) আসামী করে কমলগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। মামলার ৯দিন পরও পুলিশ এখনও আসামীকে গ্রেফতার করতে পারেনি।
আসামীকে দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুরে সু-শাসনের জন্য নাগরিক মৌলভীবাজার শাখার নেতৃত্বে এলাকাবাসী মৌলভীবাজারের পুলিশ সুপার, জেলা প্রশাসক ও জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেছেন। এসময় সুজনের জেলা সম্পাদক জহর লাল দত্ত, সিপিবি কমলগঞ্জ শাখার সম্পাদক সাইফুর রহমান, যুব ইউনিয়ন জেলা শাখার সম্পাদক অ্যাড. মাসুক আলী, নির্যাতিতার ভাই হাবিব বক্সও উপস্থিত ছিলেন।
সুজন জেলা শাখার সাধারণ সম্পাদক জহর লাল দত্ত ও সিপিবি কমলগঞ্জ শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান বলেন, কোন একটি প্রভাবে পুলিশ আসামীকে গ্রেফতার করছে না। তাই তারা বাধ্য হয়ে আজ স্মারকলিপি প্রদান করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক কৃষ্ণ মোহন দেবনাথ বলেন, ঘটনার পর থেকে আসামী পলাতক বলে তাকে গ্রেফতার করা যায়নি। তিনি আরও বলেন, এখন বদলী হয়ে বড়লেখা থানায় চলে গেছেন। নতুন করে কর্মকর্তা এ মামলার দায়িত্ব পাবেন।



মন্তব্য করুন