বিকল্পধারার নতুন প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন

November 17, 2018,

বিশেষ প্রতিনিধি॥ যুক্তফ্রন্টভুক্ত বিকল্পধারায় যোগদান করার মধ্যে দিয়ে দলটির নতুন প্রেসিডিয়াম সদস্য মনোনীত হলেন সাবেক দু’বারের এমপি ও যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানার সম্পাদকমন্ডলীর সভাপতি এম এম শাহীন। ১৫ নভেম্বর বৃহস্পতিবার বিকেলে তিনি বিকল্পধারায় যোগ দেয়ার পর বিকল্পধারার জরুরী সভায় তাকে প্রেসিডিয়াম সদস্য হিসেবে ঘোষণা করেন দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। বিকল্পধারা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী ও মাহী বি চৌধুরী। জানা যায়, ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এমএম শাহীন দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। তিনি ১৯৯৬ সালে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হন। এরপর ২০০১ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে আওয়ামী লীগের তৎকালীন হেভিওয়েট নেতা ও বর্তমান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা সুলতান  মোহাম্মদ মনসুর আহমদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। বিকল্পধারার নবনির্বাচিত প্রেসিডিয়াম সদস্য এম এম শাহীন ১৬ নভেম্বর শুক্রবার বিকেলে বলেন, আজকে নতুন ধারার রাজনীতি, আমি বিশ্বাস করি যে বিকল্পধারা যে নামটি আছে সেই বিকল্পধারার রাজনীতি এই দেশের মুক্তিযুদ্ধের চেতনায় এবং মুক্তিযুদ্ধের ধারায় এই দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে সাবেক রাষ্ট্রপতি বি চৌধুরীর নেতৃত্বে হলো এই বিকল্পধারা। বিকল্পধারার সকল সম্মানিত নেতৃবৃন্দের সহযোগিতায় আগামী দিনের বাংলাদেশের একটি পরিবর্তন আমরা আনতে চাই। আমি একজন প্রবাসী ছিলাম। দীর্ঘ ২৫ বছর ধরে মাঠে-ঘাটে মানুষের জন্য রাজনীতি করেছি। দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আগামী দিনে একটি সুন্দর বাসযোগ্য গণতান্ত্রিক এবং যে উন্নয়ন হচ্ছে সে উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখার স্বার্থে বিকল্পধারার একজন কর্মী হিসেবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি। বিকল্পধারা এবং বিকল্প রাজনীতিতে কুলাউড়াকে সবসময় মাতার মুকুট করে রাখবো।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com