সুলতান মনসুরকে বরণ করে নিলো কুলাউড়ার সর্বস্থরের মানুষ : ভোট বিহীন সরকার, মন্ত্রী ও এমপিকে জনগণ আর দেখতে চায় না- সুলতান মনসুর

November 27, 2018,

কুলাউড়া প্রতিনিধি॥ বাংলাদেশ আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, ডাকসুর সাবেক ভিপি, জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ নিজ নির্বাচনী এলাকা কুলাউড়ায় পারাবত ট্রেনযোগে পৌঁছালে জাতীয়তাবাদী দল বিএনপির বিভেদমান দুই গ্রুপ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মী এবং সহস্রাধিক সর্বস্থরের মানুষ ফুলের তোড়া ও ধানের শীষ দিয়ে তাঁকে বরণ করে নেন।

২৬ নভেম্বর সোমবার দুপুরে স্টেশনে পৌঁছা মাত্র সহস্রাধিক সুলতান সমর্থক ও বিএনপি নেতাকর্মী সহ এলাকার সর্বস্থরের মানুষ তাঁকে ঘিরে ফেলেন। সেখান থেকে বের হয়ে স্টেশন চৌমুহনী এলাকা হয়ে উত্তরবাজার প্রধান সড়ক অতিক্রম করে কুলাউড়াস্থ নিজ বাসায় যান। সেখানে বিএনপি নেতাকর্মী ও অনুসারীদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেন, এ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াকে মুক্তির নির্বাচন। দেশে এখন বাক স্বাধীনতা নেই। ভোট বিহীন সরকার, ভোট বিহীন মন্ত্রী ও এমপিকে এ দেশের জনগণ আর দেখতে চায় না। আসন্ন নির্বাচন দেশ, মানুষ ও দেশের সম্পদ বাঁচানোর নির্বাচন।

আমি গণতন্ত্রের মুক্তির জন্য, চলমান এই দু:শাসন থেকে দেশকে রক্ষা করার জন্য দেশ বরণ্য রাজনীতিবীদদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নেমেছি। দেশের এই ক্রান্তিলগ্নে এই নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ। দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে, দেশের মানুষ ও উন্নয়নের স্বার্থে এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে ও দেশ নেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্ধীর মুক্তি পেতে হলে সকল ভেদাভেদ আর দলাদলী ভুলে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় ঐক্যফন্টের প্রতীক ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।

তিনি স্থানীয় উন্নয়নের প্রসঙ্গ টেনে বলেন, আমি এমপি থাকাকালীন সময়ে যে উন্নয়ন হয়েছিল আজ প্রায় দুই যুগ পরও সে উন্নয়ন আর কুলাউড়াবাসী দেখেনি। তাই কাঙ্খিত উন্নয়ন ও গণতন্ত্রের জন্য আজ থেকে আপনারা একেক জন সুলতান মনসুর হয়ে গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়তে হবে। মানুষকে ধানের শীষে ভোট দেওয়ার জন্য বুঝাতে হবে অনুপ্রাণিত করতে হবে। ধানের শীষ বাংলাদেশের মানুষের অতি পরিচিত একটি মার্কা তাই জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ এই মার্কায় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি জাতীয় ঐক্যফ্রন্টের একজন সদস্য হিসেবে এবং বঙ্গবন্ধুর অনুসারী হিসাবে আমি আপনাদের আহ্বান জানাবো, আগামী দিনের বাংলাদেশ হবে সকল দল, মত ও পথের সকলকে নিয়ে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করা হবে।

এর আগে তাঁর আগমন উপলক্ষে সকাল ১১টা থেকে ঐক্যফ্রন্টের শরীক বিএনপি এবং সুলতান মনসুরের সমর্থকরা কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশন ও তার আশেপাশে অবস্থান করে। আর অন্যদিকে যাতে তারা সভা-সমাবেশ, মিছিল করতে না পারে এবং কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য পুলিশ তৎপর ভূমিকা পালন করে।

রবিবার রাতে সুলতান সমর্থক, বিএনপি নেতাকর্মী ও অনুসারীদের ফেসবুকসহ অনান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সুলতান মনসুরের কুলাউড়ায় আসার খবর ছড়িয়ে দেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com