কুলাউড়ায় চলন্ত গাড়ী থেকে লাফ দিয়ে রক্ষা পেলেন কলেজ ছাত্রী : আটক-২

কুলাউড়া প্রতিনিধি॥ চলন্ত গাড়ী থেকে লাফ দিয়ে অপহরণকারীদের হাত থেকে রক্ষা পেলেন এক কলেজ ছাত্রী। এ ঘটনায় থানায় মামলা হলে পুলিশ অপহরনকারী দু’জনকে জেল হাজতে প্রেরন করেছে।
১০ ডিসেম্বর মঙ্গলবার সকালে কুলাউড়া সরকারী কলেজের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের ওই ছাত্রী প্রাইভেট পড়ে কুলাউড়া সদর ইউনিয়নের জনতাবাজারে যাবার জন্য শহর থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সায় একা রওয়ানা দেয়। পথিমধ্যে ওই গাড়িতে ওঠেন চালকের এক সহযোগী। কুলাউড়া পৌর শহরের নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে যাবার পর গাড়ীটি ছাত্রীর নির্দিষ্ট গন্তব্য জনতাবাজারের দিকে না গিয়ে মৌলভীবাজার সড়কের দিকে নিয়ে চলে যেতে থাকলে একপর্যায়ে ওই ছাত্রী এর কারন জানতে চাইলে চালক কোন উত্তর না দেয়ায় সন্দেহ হলে ওই ছাত্রী চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে রাস্তার পাশে পড়ে আহত হন। আহত ছাত্রী কুলাউড়া স্বাস্থ্য কমপে¬ক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এলাকাবাসী গাড়িসহ চালক আমির উদ্দিন (১৯) ও তাঁর সহযোগী সুফিয়ান (১৮)-কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তারা দু’জনই পাশ্ববর্তী বড়লেখা উপজেলার বাসিন্দা। ওই ছাত্রীর ভাই বাদী হয়ে কুলাউড়া থানায় একটি মামলা দায়ের করলে আটক দু’জনকে পুলিশ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
কুলাউড়া থানার এসআই ইয়াছিন মিয়া বলেন, স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুইজনকে পুলিশে সোপর্দ করেছেন। এ ঘটনায় ছাত্রীর ভাই অপহরণের একটি মামলা দায়ের করেছেন। ওই দু’জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে উভয়পক্ষ থানায় এসে বিষয়টি আপোষে নিষ্পত্তি করতে চাইলে পুলিশ আদালতের মাধ্যমে নিষ্পত্তি করার পরামর্শ দেয়।
জানা যায়, কুলাউড়া সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামের বাসিন্দা ওই ছাত্রীটি সিএনজি চালক আমির উদ্দিনের তালতো বোন।



মন্তব্য করুন