লাশ সামনে নিয়ে প্রতিবাদ করলো স্বজনেরা—রাজনগরে প্রতিপক্ষের আঘাতে আহত দিনমজুর জুনাব মারা গেছে

রাজনগর প্রতিনিধি॥ মৌলভীবাজারের রাজনগরে প্রতিপক্ষের আঘাতে আহত দিনমজুর জুনাব উদ্দিন (জুনাইদ) মারা গেছে।
বৃহস্পতিবার বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। শুক্রবারে সকালে তার লাশ এলাকায় নিয়ে আসা হলে শোকর মাতম শুরু হয়। পরে শনিবার সকাল ১০টায় লাশ সামনে নিয়ে প্রতিবাদ সভা করেন স্থানীয়রা। এসময় বক্তব্য দেন- স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গির আলম, হুমায়ুন কবীর, আব্দুল মুকিত, হাফিজ আনোয়ার হোসেনসহ অনেকে। এসময় হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় আনার দাবী তুলেন তারা। পরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্যেখ্য, ৫ জুন উপজেলার মনুসরনগর ইউনিয়নের মালিকোনা গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে একই এলাকার মিলাদ’র হামলায় মারাত্বক আহত হন জুনাব। এসময় তার মাথার হাড্ডি ভেঙ্গে প্রায় ২ ইঞ্চির মত ঢেবে যায়। তাৎক্ষনিক তাকে ওসমানী মেডিকেলে লাইফ সাপোর্টে রাখা হয়। প্রায় ১ মাস ওই হাসপাতালে চিকিৎসা সেবার পর গেল বৃহস্পতিবার অজানা এক পথে পাড়ি দেয় সহজ-সরলমনা জুনাব। মালিকোনা গ্রামের বিলাল মিয়া নামের এক ব্যক্তির একই গ্রামের এরশাদ মিয়া’র কাছে ১৫ হাজার টাকা পাওনা ছিল। ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে ওইদিন প্রতিপক্ষ মিলাদ গংরা দেশীয় অস্ত্র দিয়ে জুনাবসহ ৬ জনকে আহত করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা রাজনগর থানার এসআই দিপক দাস রোববার ৭ জুলাই এ প্রতিবেদককে বলেন, আহত জুনাব মারা যাওয়াতে ৩০২ ধারায় হত্যা মামলা সংযোজন করে আদালতে মামলা হয়েছে। তিনি আরো জানান, এ ঘটনায় গত ৪দিন আগে রুহেন মিয়া নামে মামলার এক আসামীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।



মন্তব্য করুন