(ভিডিওসহ) ছাত্র রাজনীতি নয়, শিক্ষকদের পেশাজীবি রাজনীতি বন্ধ করতে হবে- মাহবুব উল আলম হানিফ

October 13, 2019,

সাইফুল ইসলাম॥ ‘আরবার হত্যার ঘটনাকে ইস্যু করে বিএনপি এখন সরকার পতনের স্বপ্ন দেখছেন। কিন্তু আওয়ামীলীগ কচু পাতার পানি নয় যে টুকা দিলে পড়ে যাবে। আওয়ামীলীগের শেকড় মাটির অনেক গভীরে প্রথিত, আওয়ামীলীগ অনেক শক্তিশালি সংগঠন।’ ইতিমধ্যে আরবার হত্যার সাথে জড়িত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, দ্রুত বিচার আইনে তাদের বিচার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। তিনি বলেন, ছাত্র রাজনীতি নয় শিক্ষকদের পেশাজীবি রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষকরা কেন রাজনীতি করবেন। শিক্ষকদের লেজুরবৃত্তি রাজনীতির কারণে ছাত্ররা আজ তাদের সম্মান দেয় না। ভিসি প্রো ভিসি হওয়ার জন্য শিক্ষকরা লেজুরবৃত্তির রাজনীতিতে জড়িয়ে পড়েছে। শিক্ষকদের এসব দলীয় লেজুড়বৃত্তি রাজনীতি পরিহার করারও আহবান জানান তিনি।

১৩ অক্টোবর রবিবার বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুরানবাজার এলাকায় উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘বেগম খালেদা জিয়াসহ বিএনপি নেতারা তাদের কৃতকর্মের জন্য জেল খাটছেন। ২১ আগষ্টের গ্রেনেড হামলা, জ¦ালাও পোড়াও রাজনীতি, দুর্নীতি ও অপ-রাজনীতির জন্য তারা এখন তাদের পাপের প্রায়াশ্চিত্ত করছেন। সেসময় কিবরিয়া, আহসান উল্লাহ মাষ্টারসহ ২৬ হাজার আওয়ামীলীগ নেতাতে হত্যা করা হয়েছিল।  মির্জা ফখরুল ইসলাম কান্না করেন, তখন তার এই কান্না কোথায় ছিল? এজন্য তারা সহজেই আর জেল থেকে বের হতে পারবেন না।’

বিএনপি নেত্রীকে উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘এই কারাবরনেই শেষ হবে না, খালেদা জিয়ার সামনে আরো কঠোর দিন অপেক্ষা করছে। বাকি জীবন তাকে কারাগারেই কাটাতে হবে।’

বিএনপির অতীত দুর্নীতির ইতিহাস ব্যাখ্যা করে তিনি বলেন, ‘বিএনপি আমলে ভারতের বিখ্যাত টাটা শিল্প গোষ্ঠী  ও স্যামসাং  বড় বড় বিনিয়োগ করতে বাংলাদেশে এসেছিল। চুক্তির সম্পাদনের আগে রতন টাটার কাছে তারেক রহমানের পক্ষে টেন পার্সেন্ট কমিশন চাওয়া হয়েছিল। কিন্তু রতন টাটা সে প্রস্তাব ফিরিয়ে দিয়ে দিল্লী ও স্যামাসং ভিয়েতনামে বিনিয়োগ সরিয়ে নেয়।’

মাহবুবুল আলম হানিফ আরো বলেন, ‘৭৫ সালে শুধু রাজনৈতিক কারণে বা ক্ষমতার কারণে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়নি। এর পেছনে খুনিদের সুদূরপ্রসারী পরিকল্পনা ছিল। সে পরিকল্পনায় পাকিস্তানের সাথে জিয়াউর রহমানের হাত ছিল। ৭৪ এ জুলফিকার আলী ভূট্টো জাতিসংঘে সাংবাদিকদের বলেছিলেন, পূর্ব পাকিস্তান অচিরেই পাকিস্তান ফেডারেশনের অধীনে আসবে। কিন্তু কিসের ভিত্তিতে ভূট্টো সেদিন একথা বলেছিলেন? ৭৫ পরবর্তিকালে জিয়াউর রহমান ক্ষমতাসীন হয়ে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তিদের পুনর্বাসন করে পাকিস্তানী মদদপুষ্ট সরকার কায়েম করেছিল। জিয়াউর রহমান কখনই মুক্তিযুদ্ধ করেননি। জিয়াউর রহমান ছিলেন পাকিস্তানী বাহিনীর এজেন্ট।’

শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আছকির মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম এ মান্নানের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগীয় দায়িত্বে) আহমদ হোসেন, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দীন কামরান, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান। সম্মেলনে বিশেষ বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।

প্রধান বক্তা এসময় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন বলেন, ‘ভারতের সাথে চুক্তি করে বাংলাদেশই লাভবান হয়েছে। শেখ হাসিনা দেশ বিক্রির রাজনীতি করেন না। তিনি সেবাদাস নন। বাংলাদেশ একমাত্র বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই নিরাপদ, দেশের মানুষ নিরাপদ।

আরবার হত্যাকারীদের প্রসঙ্গে আহমদ হোসেন বলেন, ‘আরবারের ঘাতকরা ছাত্রলীগে অনুপ্রবেশকারী ছাত্রশিবির। আওয়ামীলীগে অনুপ্রবেশকারীদের কোন ঠাঁয় হবে না।’

এর আগে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি- পায়রা ও বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com