রাজনগরে বিএনপি নেতা ইকরামের উপর সন্ত্রাসী হামলা

আউয়াল কালাম বেগ॥ রাজনগর উপজেলা বিএনপি কমিটি পূনর্গঠনকে কেন্দ্র করে উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক সৈয়দ ইকরাম হোসেনের উপর সন্ত্রাসী হামলা করা হয়েছে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়েছেন।
উপজেলা বিএনপি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, ১ ডিসেম্বর রোববার রাত ৮টার সময় উপজেলা সদরের বেঙ্গল সুইটমিট এন্ড কনফেকশনারী দোকানে সৈয়দ ইকরাম হোসেন ছাত্রদল নেতা আব্দুল মোত্তাকিন শিপলুর সাথে সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলেন। এসময় সম্প্রতি দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া ৪ জন হঠাৎ করে ধারালো অস্ত্র নিয়ে তার উপর অতর্কিতে হামলা চালায়। হামলাকারীরা তার মাথায় এবং পিঠে উপর্যুপরি আঘাত করে দ্রুত চলে যায়। এসময় হামলাকারীদের প্রতিহত করতে গেলে ছাত্রদল নেতা আব্দুল মোত্তাকিন শিপলু গুরুতর আহত হন। দলীয় পদবঞ্চিত হয়ে হামলা হামলাকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে নাম প্রকাশে অনিচ্ছুক এক বিএনপি নেতা জানান। ঘটনার পরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এদিকে গুরুতর আহত অবস্থায় সৈয়দ ইকরাম হোসেন ও আব্দুল মোকিন শিপলুকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত ডাক্তার সৈয়দ ইকরাম হোসেনের অবস্থা সংকটাপন্ন দেখে দ্রুত তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করেন। অন্যদিকে আব্দুল মোত্তাকিন শিপলু মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এমএ হাকিম বক্স সুন্দর জানান, বিষয়টি অনাকাঙ্খিত। এর তীব্র নিন্দা জানাই। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ইতোপূর্বে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এবাপারে দলের উর্ধ্বতন নেতৃবৃন্দের সাথে আলোচনার সাপেক্ষে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসিম জানান, এব্যাপারে থানায় মামলা হয়েছে মামলা নং ২, তারিখ ২/১২/ ২০১৯ । আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।



মন্তব্য করুন