রাজনগরে প্রতিবন্ধী দিবস পালিত

আউয়াল কালাম বেগ॥ ‘অভিগম্য আগামীর পথে’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার মৌলভীবাজারের রাজনগরে ২৮তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস (আইডিপিডবি¬উডি) ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার এ উপলক্ষে রাজনগর উপজেলা প্রশাসন এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ আয়োজনে সকাল ১১টায় উপজেলা প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মিলনায়তনে শেষ হয়। পরে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মাসুদ রানার সভাপতিত্বে আলোচনা সভা ও সহায়ক অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌসী আক্তার। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাক্তার দীন ইসলাম নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, সমাজসেবা অফিসার সুমন দেবনাথ, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপ-সহকারী প্রানি সম্পদ কর্মকর্তা আবু জাফর, অভিভাবক কমিটির সভাপতি ফরজান আহম, বিশিষ্ট সমাজ সেবক আব্দুল কাদির, আবুবক্কর সিদ্দীকী ও ফাহিমা খাতুন প্রমূখ।
বক্তারা বলেন, অভিগম্যতা প্রতিবন্ধীদের অধিকার। তাদের অধিকার সুরক্ষায় সরকারের পাশাপাশি বেসরকারী প্রতিষ্ঠানসহ সকল নাগরিককে দায়িত্বশীল ও আন্তরিক হতে হবে। দৃষ্টি ভঙ্গির পরিবর্তন করতে হবে। বিমান ট্রেন, লঞ্চসহ প্রতিটি যানবাহনে আসন সংরক্ষণ, সরকারী দফতর এবং ভবনে প্রতিবন্ধীদের জন্য র্যামসহ অন্যান্য সুযোগ সুবিধা সংরক্ষিত থাকতে হবে। প্রতিবন্ধী ও সুবিধা বঞ্চিত মানুষের অধিকার সুরক্ষায় সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের ভালবাসেন। কাউকে পেছনে রেখে নয়, সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান প্রতিবন্ধী বান্ধব সরকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়নেও কাজ করছে।



মন্তব্য করুন