বড়লেখায় অগ্নিকান্ডে বসতঘর ভস্মীভূত

December 17, 2019,

আব্দুর রব॥ বড়লেখা উপজেলার তালিমপুর ইউপির গোপালপুর গ্রামের নছির উদ্দিনের বাড়িতে সোমবার ১৬ ডিসেম্বর সন্ধ্যায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ঘরে থাকা আসবাবপত্র, নগদ টাকা, কাপ চোপড়, চাল ও অন্যান্য মালামালসহ বসতঘর সম্পুর্ণ ভস্মীভূত হয়েছে। এতে পরিবারটি প্রতিবেশির বাড়িতে আশ্রয় নিয়েছে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় উপজেলার গোপালপুর গ্রামের কৃষক নছির উদ্দিনের বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত ঘটে। এরপর আগুন দ্রুত ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। স্থানীয়ভাবে খবর পেয়ে ফায়ার স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ওই বসত ঘরের লাগোয়া অন্য ঘরগুলো রক্ষা পায়। তবে আগুন নিয়ন্ত্রণে এলেও এর আগেই নছির উদ্দিনের ঘরে থাকা সব আসবাবপত্র, নগদ টাকা, কাপড়, চালসহ মালামাল ভস্মীভূত হয়ে যায়।

এদিকে খবর পেয়ে অগ্নিকান্ডে সব হারানো পরিবারটির পাশে তাৎক্ষণিক দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম আল ইমরান। পরে তিনি পরিবারটির হাতে নগদ পাঁচ হাজার টাকা ও দশটি কম্বল তুলে দেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান, তালিমপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com