করোনা ভাইরাসে রাজনগরের আরেক প্রবাসীর মৃত্যু

শংকর দুলাল দেব ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজনগরের আরেক প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে দেলোয়ার হোসেন দিলু (৫৫) নামে ওই প্রবাসী ওখানকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বাড়ি রাজনগর উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া (ফকিরটুলা) গ্রামে।
রাজনগর থানা পুলিশ সূত্রে জানাযায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার সদর ইউনিয়নের খারপাড়া (ফকিরটুলা) গ্রামের মরহুম মোঃ ইব্রাহীম মিয়ার ছেলে দেলোয়ার হোসেন দিলু দীর্ঘদিন যাবত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে বসবাস করছেন। গত রমজান মাসে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলে কুয়েতের ফরোয়ানিয়া হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাবের আল সাবা হাসপাতালে স্থানান্তর করা হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দিলুর মৃত্যুর পর ৩ জুন বুধবার রাতে জাবের আল সাবা হাসপাতাল কর্তৃপক্ষ তার রুমমেট সৈয়দ শামসুল হকের মোবাইল ফোনে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে কখন তার মৃত্যু হয়েছে সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি বলে জানা যায়। এদিকে দেলোয়ার হোসেন দিলুর মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে পৌঁছালে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যাক্তি ছিলেন। তার দুই ছেলের মধ্যে এক ছেলে এবার এইচএসসি পরীক্ষার্থী এবং অন্য ছেলে একাদশ শ্রেণিতে পড়ছে।
এদিকে গত ৩ জুন বুধবার উপজেলার ফতেহপুর ইউনিয়নের বেড়কুঁড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে আনহার উদ্দিন ওরফে আনকাই মিয়া (৩৮) নামে আরেক প্রবাসী মারা যান। তিনি প্রায় ১২ বছর আগে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে পাড়ি জমান। তিনি ওমানের রাজধানী মাস্কট আল রুই অঞ্চলে বসবাস করতেন।



মন্তব্য করুন