বড়লেখায় আইনশৃঙ্খলা কমিটির সভায় নাসির উদ্দিন এমপি, বিএনপির কেউ অপকর্ম করলে ডাবল শাস্তি প্রদানের নির্দেশ

আব্দুর রব : মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু বলেছেন, তার কাছে তথ্য রয়েছে বড়লেখায় বিএনপির কিছু মানুষ সীমান্ত চোরাচালান, মাদক ব্যবসা, থানায় তদবির বাণিজ্যসহ নানা অপরাধমুলক কর্মকান্ডে যুক্ত রয়েছে। নতুনভাবে আরো কিছু মানুষ যুক্ত হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কড়া নির্দেশ দেন। দলের পরিচয়ে অপকর্মকারিদের সতর্ক করে তিনি আরো বলেন, তার কাছে সবার তালিকা রয়েছে, শিগগির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তা হস্তান্তর করবেন।
তিনি মঙ্গলবার ১৯ মে দুপুরে বড়লেখা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সীমান্তে জঙ্গী গ্রেফতার, ভারতীয় নাগরিক আটক, অস্ত্র উদ্ধার, গবাদিপশু, মাদক ও ভারতীয় অবৈধপণ্যের অবাধ চোরাচালানে উদ্বেগ প্রকাশ করে বলেন, টেকনাপের পরেই যেন বড়লেখা সীমান্ত উগ্রবাদী জঙ্গীদের ও চোরাকারবারিদের নিরাপদ রোডে পরিণত হয়েছে। বিজিবি, পুলিশ, উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিসহ সবাই মিলে সীমান্তের সবধরণের অপরাধ বন্ধ করতে হবে।বড়লেখায় থানার এসআই সুব্রত কুমার দাস, আব্দুর রউফ-সহ কয়েকজন দারোগার বিরুদ্ধে মামলার বাদীর অভিযোগ তদন্তে গিয়ে বাদীর কথা-অভিযোগ না শুনে আসামীদের পক্ষাবলম্বন, উস্কে দেওয়া, বাদিপক্ষকে আরো হামলা-হয়রানির শিকার ও হুমকি মধ্যে ফেলে দেওয়ার মতো কয়েকটি ঘটনায় নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি পুলিশের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, মানুষ অসহায় হয়েই পুলিশের কাছে যায়, নিরাপত্তা চায়, সান্তনা চায়। মামলা করতে যাওয়ায় যদি তদন্ত কর্মকর্তার প্ররোচনায় প্রতিপক্ষ ভুক্তভোগির ওপর আরো ক্ষিপ্ত হয়, হামলা চালায়। তবে সাধারণ মানুষ যাবে কোথায়। তিনি সাধারণ মানুষকে হয়রানি করা ওইসব পুলিশের অ-পুলিশি আচরণের চিত্র পত্রিকায় প্রকাশের জন্য সাংবাদিকদের আহ্বান জানান। ইউএনও মাহবুব আলম মাহবুরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিজিবি-৫২ ব্যাটালিয়নের সহকারি পরিচালক মেজর মাহফুজ আলম, সহকারি কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, বর্নি ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, ইমরান আহমদ প্রমুখ।



মন্তব্য করুন