কুলাউড়ায় মোটরযানের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্টে ৮ মামলায় ১০ হাজার ৫০০ টাকা জরিমানা

May 31, 2026,

স্টাফ রিপোর্টার : কুলাউড়া উপজেলাতে বিভিন্ন ধরনের মোটরযানের বিরুদ্ধে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ রোববার (৩১ মে ২০২৬) উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোটরযানের ফিটনেস সনদ না থাকা, ভাড়ার চার্ট প্রদর্শন না করা, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে না রাখা, মোটরসাইকেল চালক ও আরোহীর হেলমেট ব্যবহার না করা এবং ড্রাইভিং লাইসেন্সবিহীনভাবে যানবাহন চালানোর অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সানজিদা আক্তার। এ সময় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত জনসাধারণ, চালক ও যাত্রীদের সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি নিরাপদ সড়ক নিশ্চিত করতে যানবাহনের বৈধ কাগজপত্র সংরক্ষণ, ফিটনেস সনদ নবায়ন, হেলমেট ব্যবহার এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স বহনের বিষয়ে সচেতন করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com