কুলাউড়ায় সরকারি বীজ বিক্রির সময় ২৪ বস্তা জব্দ, বিক্রেতার কারাদণ্ড

July 30, 2026,

এস আর অনি চৌধরী : কুলাউড়ায় সরকারি ট্যাগযুক্ত বীজ খোলা বাজারে বিক্রির সময় অভিযান চালিয়ে ২৪ বস্তা বীজ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় জামাল মিয়া নামে এক ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার ২৯ জুলাই রাত ৯টার দিকে উপজেলার চৌধুরী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাসের এ অভিযান পরিচালনা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার নিজাম ট্রেডার্স থেকে সরকারি ট্যাগ সংবলিত ২৪ বস্তা বীজ সংগ্রহ করে খোলা বাজারে বিক্রি করছিলেন জামাল মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে সরকারি আদেশ অমান্য করার দায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত বীজের উৎস হিসেবে স্থানীয় ডিলার মো. নিজাম মিয়ার গুদাম পরিদর্শন করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি জব্দ হওয়া ২৪ বস্তা সরকারি বীজ কৃষি সম্প্রসারণ বিভাগের জিম্মায় দিয়ে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com