প্রবীণ ব্যবসায়ী এম আর খানের মৃত্যুতে শোক, ৭ জুলাই দোয়া ও মিলাদ মাহফিল

July 6, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : প্রবীণ ব্যবসায়ী, সমাজসেবক ও এম আর খান কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ্ব মোঃ মোখলেসুর রহমান খান (আলহাজ্ব এম আর খান) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

গত বৃহস্পতিবার ২ জুলাই ভোর রাতে বার্ধক্যজনিত অসুস্থতায় চট্টগ্রামের পাহাড়তলীর নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি ৩ ছেলে, ভাই-বোন, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবসহ  অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জানাজা শেষে তাঁকে পাহাড়তলী কবরস্থানে দাফন করা হয়।

মরহুম আলহাজ্ব এম আর খান ১৯৩৫ সালের ১ জানুয়ারি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রামপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ছিলেন মরহুম মোঃ শুক্কুর খান এবং মাতা মরহুমা মোসাম্মৎ সরজান বিবি। মেট্রিক পাস করার পর তিনি চট্টগ্রামে গিয়ে ব্যবসায় আত্মনিয়োগ করেন এবং পরবর্তীতে এম আর খান কেমিক্যাল কোম্পানির স্বত্বাধিকারী হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন।

তিনি ছিলেন একজন সৎ, পরিশ্রমী, ধর্মপ্রাণ ও পরহেজগার ব্যক্তি। নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াতের পাশাপাশি পাহাড়তলী এলাকার বিভিন্ন মাদ্রাসা, স্কুল-কলেজ এবং সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। তাঁর জন্মস্থান নদীগর্ভে বিলীন হয়ে গেলেও বর্তমানে কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে ‘খান বাড়ি’ নামে তাঁর একটি বাড়ি রয়েছে। এছাড়া চট্টগ্রামের পাহাড়তলীতেও তাঁর নিজস্ব বাসভবন রয়েছে।

মরহুমের রুহের মাগফেরাত কামনায় ৭ জুলাই মঙ্গলবার  বাদ যোহর চট্টগ্রামের পাহাড়তলীর নিজ বাসভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী ও পরিচিত সকলকে দোয়া মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

আলহাজ্ব এম আর খানের মৃত্যুতে মৌলভীবাজারের কমলগঞ্জসহ বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস দান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com