এআই প্রযুক্তি ব্যবহার করে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, কমলগঞ্জ থানায় জিডি

কমলগঞ্জ প্রতিনিধি : কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে দৈনিক কালের কণ্ঠ মাল্টিমিডিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিন শুভর বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিজের ব্যক্তিগত, পেশাগত ও সামাজিক মর্যাদা ক্ষুণ্নের অভিযোগ এনে তিনি মৌলভীবাজারের কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি সূত্রে জানা যায়,ভানুগাছ মিডিয়া’ ও ‘ভানুগাছ মিডিয়া ০০৩২’ নামে দুটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক সালাউদ্দিন শুভকে নিয়ে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ভুয়া ছবি এবং বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব পোস্টের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা জীবনের সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাংবাদিক সালাহউদ্দিন শুভ’র দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিত ভাবে চালানো এই অপপ্রচার শুধু একজন সাংবাদিকের ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়, বরং প্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি তৈরির একটি উদ্বেগজনক দৃষ্টান্ত।
এ ঘটনায় তিনি কমলগঞ্জ থানায় জিডি নং – ২৯৫ (তারিখ-৭ জুন ২০২৬) দায়ের করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।
এদিকে, সাংবাদিক মহল এ ধরনের ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি একটি গুরুতর অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড রোধে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও সাইবার অপরাধ দমনকারী ইউনিটের দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
তবে প্রতিবেদন লেখা পর্যন্ত ‘ভানুগাছ মিডিয়া’ ও ‘ভানুগাছ মিডিয়া ০০৩২’ নামে ফেসবুক আইডির পরিচালনা কারীদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।
এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কমর উদ্দিন বলেন – সাংবাদিক সালাউদ্দিন শুভ জিডি করেছেন,তদন্ত চলছে অপরাধীর সম্পৃক্ততার প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন