মৌলভীবাজারে বাথরুম থেকে দোকান কর্মচারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

July 7, 2026,

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকার একটি বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক দোকান কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত ২টার দিকে শুটকি দোকানের কর্মচারী আব্দুল আজিজের লাশ উদ্ধার করেছে মৌলভীবাজার মডেল থানা পুলিশ। আব্দুল আজিজ সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের শামসুল ইসলামের ছেলে। তিনি ওইখানে একটি শুটকির আড়তে চাকুরি করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ব্রাহ্মণগ্রামের ছোবহান হাজীর বাড়ির বাথরুমে একটি মরদেহ পড়ে থাকার খবর লোকমুখে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় সোলায়মান মিয়া নামের একজন আটক করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা ওই বাড়িরই বাসিন্দা সোলেমান মিয়াকে এই হত্যাকান্ডের সাথে জড়িত বলে সন্দেহ করছেন। তারা বলছেন সোলায়মান মিয়া দীর্ঘদিন থেকে মানুষিক ভারসাম্যহীন।
পুলিশ জানিয়েছে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাইফুল ইসলাম জানান এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হত্যার উদ্দেশ্য কী ছিল এবং কারা এতে জড়িত,তা তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ওসি জানান যে বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেই বাড়ির মালিকসহ সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com