দেশের উন্নয়নে প্রবাসীদের বিনিয়োগের আহবান, মৌলভীবাজারে জিও ইকো ব্রিকস এর উদ্বোধন-নাসের রহমান

July 6, 2026,

স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব জিও ইকো ব্রিকস এর উৎপাদন কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

সোমবার ৬ জুলাই দুপুরে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর এলাকায় ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান।

উদ্বোধনের পর সূধী সমাবেশে দেয়া বক্তব্যে এম নাসের রহমান বলেন, মৌলভীবাজার জেলায় অনেক প্রবাসী আছেন যারা কোটি কোটি টাকা ব্যায়ে বাড়ি করতেই স্বাচ্ছন্দ বোধ করেন। যেখানে কেউ থাকেন না,ভূতের রাজা  হিসেবে খালি পড়ে থাকে এসব বাড়ি। আবার কেউ কেউ আছেন শহরে বিশাল বাসা-মার্কেট করেছেন,সেখান থেকে ভাড়া পাচ্ছেন আর খরচ করছেন। টাকা থাকলেও শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে আসতে চান না।

তিনি আরও বলেন,যেখানে চুল্লীর ধোঁয়া উড়িয়ে, কৃষির ধানি জমির মাটি কেটে, কয়লা পুড়িয়ে পরিবেশের মারাত্মক  দুষণ করে আমরা ইট পাচ্ছি। অর্থাৎ পরিবেশের তিনটা ক্ষতি করে ইট তৈরি করা হচ্ছে। এগুলো বন্ধ করতে করতে সরকারও অতিষ্ঠ হয়ে গেছে। সেখানে পরিবেশবান্ধব ও জ্বালানি সাশ্রয় ইট ব্লক তৈরি নিঃসন্দেহে একটি ভাল উদ্যেগ। পৃথিবীতে এভাবেই ইট তৈরি করা হচ্ছে। আমাদের দেশে ঢাকা ও মানিকগঞ্জে বহু আগে এই ইট তৈরি হলেও আমাদের মৌলভীবাজারে  প্রথম। এই ইট পাথর ও সিমেন্ট দিয়ে তৈরি। ফলে এর গুণগত মান পুড়িয়ে তৈরি করা ইটের চেয়ে অনেক মজবুত ও টেকসই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান বলেন, আমাদের জেলা একটি শান্তির জেলা হিসেবে পরিচিত। এ জেলার আইনশৃঙ্খলা ভাল, রাজনৈতিক পরিবেশও ভাল। এখানে বিনিয়োগের চমৎকার পরিবেশ রয়েছে। তাই  প্রবাসীদের আহবান জানাব এখানে বিনিয়োগে এগিয়ে আসতে এবং দেশের অর্থনীতির চাকা সচল রাখতে।

জিও ইকো ব্রিকস এর চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসেন সোহাগ এর সভাপতিত্বে ও নাট্যকার শাহীন ইকবাল এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম এ মুকিত, সদস্য মুহিতুর রহমান হেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, সাধারণ সম্পাদক মারুফ আহমদ, পৌর বিএনপির সভাপতি অলিউর রহমান, সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমানসহ রাজনৈতিক ও ব্যবসায়ী উদ্যোক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com