শ্রীমঙ্গলে নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ালেন জনপ্রতিনিধিরা

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে প্রভাবশালী কর্তৃক নির্যাতনের শিকার এক দরিদ্র কাঠমিস্ত্রি পরিবার। প্রাণ হারানোর ভয়ে এখন আতঙ্কে রয়েছে গোটা পরিবারটি। খবর পেয়ে ওই নির্যাতিত পরিবারের পাশে দাঁড়ালেন স্থানীয় জনপ্রতিনিধিরা।
৬ নভেম্বর সোমবার দুপুরে কাঠমিস্ত্রি সুভাষ সুত্রধরের বাড়ি পরিদর্শনে যান স্থানীয় ইউপি চেয়ারম্যান রনেন্দ্রপ্রসাদ বর্ধন জহর, শ্রীমঙ্গল সদর ইউপি চেয়ারম্যান ভানুলাল রায়, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি স্বপন রায়, হিন্দু-বোৗদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল শাখার সভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, জহর তরপদার, পূর্ণেন্দু দেবনাথ প্রমুখ।
জানা যায়, উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ২ ওয়ার্ডের উদনার পাড় গ্রামের বাসিন্দা কাঠমিস্ত্রি সুভাষ সূত্রধর ও তার পুত্র সুরঞ্জিত সুত্র ধর কিছুদিন যাবৎ শ্রীমঙ্গল সদর ইউনিয়নের শাহীবাগ এলাকায় ১৩ লক্ষ টাকার চুক্তিতে একটি বাসায় দরজা, জানালা সহ কাঠের যাবতীয় কাজ করে আসছেন। কাজের শেষ প্রান্তে এসে হঠাৎ করেই সামান্য ত্রুটি ধরে জোড়পূর্বক ১৩ লক্ষ টাকা ফেরত দাবী করেন ঐ বাসার মালিক প্রভাবশালী স্বপন মিয়া।
কাঠমিস্ত্রি সুভাষ সূত্রধর বলেন- প্রভাবশালী স্বপন মিয়া ও তার ভাই রিপন মিয়া আমার ছেলেকে গাড়িতে করে তুলে নিয়ে বাড়িতে আটকে রেখে মারাত্মকভাবে নির্যাতন করে ১৩ লক্ষ টাকা ফেরত না দিলে আমাদেরকে প্রাণে হত্যার হুমকী দেয়। আমরা অসহায় মানুষ, ভয়ে পুলিশের কাছে মুখ খুলি নি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস শহীদ জানান, তারা স্থানীয়ভাবে বেশ কয়েক দফায় বিষয়টি উভয়ের মধ্যে মিমাংসা করার চেষ্টা করেছেন। তবে প্রভাবশালীরা অন্য ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তারা গ্রাম আদালতকে উপেক্ষা করে ঝামেলা বাঁধায়। তিনি আইনী সহযোগিতা কামনা করেন। তবে এ ব্যাপারে থানায় অভিযোগ আসলে তড়িৎ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল।



মন্তব্য করুন