শ্রীমঙ্গলে ঐতিহ্যের স্মৃতি বিজড়িত শতবর্ষী বটবৃক্ষের পতন

November 8, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ‘ঝুঁকিপূর্ণ বৃক্ষ’ এই দোহাই দিয়ে কেটে ফেলা হচ্ছে শ্রীমঙ্গলের কালের স্বাক্ষী বট বৃক্ষ। ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বিজড়িত শতবর্ষী বিশালাকৃতির বটবৃক্ষটি কেটে ফেলায় উপজেলা শহর জুড়ে তোলপাড় চলছে।
সোমবার ৬ নভেম্বর দুপুরে পর্যটন নগরী শ্রীমঙ্গলের ভানুগাছ রোডের রেলক্রসিং সংলগ্ন বটবৃক্ষটির বেশীরভাগই অংশই কেটে ফেলা হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে গাছটির অবশিষ্ট অংশ রক্ষা করেন। নাসির নামের জনৈক ঠিকাদারকে এই গাছগুলোর কাটার টেন্ডার দেয়া হয় বলে জানা গেছে।
জানা যায়, রাস্তার পাশে অবস্থিত ঝুঁকিপূর্ণ গাছগুলোকে চিহ্নিত করে এর তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগের অনুমোদনের পর সেগুলো কাটার প্রক্রিয়া শুরু করে সড়ক ও জনপথ বিভাগ।
সুশাসনের জন্য নাগরিক সুজনের স্থানীয় সাধারণ সম্পাদক কাওসার ইকবাল বলেন, এই গাছগুলো এই শহরের অতীত ইতিহাসের সাক্ষ্য বহন করে। স্মৃতিবিজড়িত এই বটগাছ আমাদের ঐতিহ্য। কোনো ক্রমেই তা কাটা উচিত হয়নি। সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ সাংবাদিকদের বলেন, ঝুঁকিপূর্ণ গাছগুলোকে চিহ্নিত করার কাজ আরো আগেই হাতে নেয়া হয়েছে। তবে তিনি বলেন, এই গাছগুলো প্রকৃতপক্ষেই ঝুঁকিপূর্ণ কি না, বা এখানকার ইতিহাস-ঐতিহ্য’র স্বাক্ষ্য বহন করে কি না তা আমি বলতে পারবো না। যদি এগুলো ঐতিহ্যবাহী হয়, তাহলে এগুলোকে কাটার জন্য চিহ্নিত না করাই উচিত ছিল। গত মঙ্গলবার সকালে কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এবং শ্রীমঙ্গলের ঐতিহ্যের নিদর্শন স্টেশন রোডের বিশালাকৃতির শিশির গাছটিও কেটে ফেলার উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে।
শ্রীমঙ্গলের ইতিহাস ও ঐতিহ্যের স্মৃতি বিজড়িত এসব গাছ কাটার সংবাদে উপজেলা শহর জুড়ে তোলপাড় চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com