গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ সুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচারব্যবস্থায় প্রবেশাধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে, বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর স্থানীয় সরকার বিভাগ, ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ অর্থায়নে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্প” বাস্তবায়ন করছে।
দাতা সংস্থার আর্থিক ও কারিগরী সহায়তায় স্থানীয় সরকার বিভাগের তত্ত্বাবধানে “বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)” মৌলভীবাজার জেলায় প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করছে। এই প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্য হলো স্থানীয়ভাবে সহজে, কম খরচে, দ্রুত এবং স্বচ্ছ প্রক্রিয়ায় বিরোধ নিষ্পত্তি করা এবং অন্যায়ের প্রতিকার লাভের জন্য তৃণমূলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষত নারীদের সক্ষমতা বৃদ্ধি করা।
স্থানীয় প্রশাসন বিশেষত উপ-পরিচালক, স্থানীয় সরকার ও উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্ব এবং নির্দেশনা, সমন্বয় ও সুচিন্তিত মতামত প্রকল্পের চলমান কার্যক্রমের গতিকে তরান্বিত করছে। প্রকল্প এলাকার অর্ন্তভুক্ত ২৭টি জেলার ১২৮টি উপজেলার ১,০৮০টি ইউনিয়নে প্রকল্পের চলমান কার্যক্রমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ সংশ্লিষ্ট উপজেলার উপজেলা নির্বাহী অফিসারগণ এবং উপ-পরিচালক, স্থানীয় সরকারগণের সাথে সমন্বয়ের মাধ্যমে গ্রাম আদালত কার্যকরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এরই ধারাবাহিকতায় বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে ‘গ্রাম আদালত প্রকল্পের চলমান কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা এবং করণীয়’ শীর্ষক অর্ধ-বার্ষিক সমন্বয় সভা ২৭ নভেম্বর সোমবার জেলা প্রশাসকের সভা কক্ষ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার (যুগ্ম সচিব) পরিচালক, মোঃ মতিউর রহমান, সিলেট বিভাগ, বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোঃ শেখ আবু তাহের এবং বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন কুলাউড়া, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ। ইউএনডিপি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মাহাবুব উল আলম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রকল্পের সার্বিক অগ্রগতি উপস্থাপন করেন মোহাম্মদ রোকন উদ্দিন, উপ-পরিচালক (উপ-সচিব), স্থানীয় সরকার, মৌলভীবাজার।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, উপ পরিচালক, সমাজসেবা, সিনিয়র সহকারী জজ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, অতিরিক্ত পুলিশ সুপার, কুলাউড়া সার্কেল, মৌলভীবাজার, ইউএনডিপির প্রতিনিধি ও ব্লাস্ট এর প্রতিনিধিবৃন্দ।
গ্রাম আদালত পরিচালনায় ইউপি চেয়ারম্যানদের ভূমিকা এবং করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং গ্রাম আদালতকে কার্যকরণের জন্য বক্তাগণ বিভিন্ন সুপারিশ প্রদান করেন। উক্ত সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং ইউপি চেয়ারম্যানবৃন্দ। প্রধান অতিথি বলেন, সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের উন্নয়ন একধাপ এগিয়ে যাবে এবংসুবিধাবঞ্চিত ও প্রান্তিক গ্রামীণ জনগোষ্ঠীর বিচারব্যবস্থায় সরাসরি অংশগ্রহণ বৃদ্ধি পাবে, এবং অল্প সময়ে, সল্প খরচে সুবিচার নিশ্চিত হবে।



মন্তব্য করুন