শ্রীমঙ্গলে ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে তথ্য হালনাগাদ নেই

December 28, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ ইউনিয়ন পরিষদ দেশের প্রাচীনতম একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি তৃণমূল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকার বলে পরিচিত। কর্তৃপক্ষের উদাসীনতা ও অব্যবস্থাপনার কারণে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার প্রায় অধিকাংশ ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে সঠিক কোন তথ্য নেই। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যখন এগিয়ে চলছে দেশ, তখনই থেমে আছে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অনলাইন তথ্য বাতায়নগুলো। ফলে বিশ্বায়নের ডিজিটাল যুগে এসেও সমাজের সচেতন মহল ইউনিয়ন পরিষদের তথ্য সেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন।

জানা গেছে, ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত শ্রীমঙ্গল উপজেলায় প্রতিটি ইউনিয়নের নামে আলাদা তথ্য বাতায়ন থাকলেও সেখানে নেই সর্বশেষ আপডেট। পুরনো বা দীর্ঘদিন আগে আপলোড করা তথ্য দিয়েই চলছে তথ্য বাতায়নগুলো। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ভিজিট করে জানা গেছে দুই একটি ইউনিয়নের ওয়েবসাইটে কিছুটা আপডেট লক্ষ করা যায়। এছাড়া প্রায় সবগুলো ইউনিয়নের অনলাইনে আপডেট নেই।

২০১০ সালের ১১ নভেম্বর বর্তমান প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)র প্রশাসক মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একযোগে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) উদ্বোধন করেন। প্রতিটি ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তিভিত্তিক কেন্দ্র ইউডিসি পরিষদকে নতুন মাত্রা প্রদান করে। উদ্বোধনের ৫ বছর পরেও শ্রীমঙ্গল উপজেলায় ৯টি ইউনিয়নে তথ্য সেবা কেন্দ্র থেকে সাধারণ মানুষ তথ্য পাওয়া থেকে বঞ্চিত রয়েছে। যদিও সরকারি ভাবে প্রয়োজনীয় সকল উপকরণ এই সব ইউনিয়ন পরিষদে বরাদ্দ দেওয়া হয়।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার প্রতিটি ইউনিয়ন পরিষদের নিজস্ব ওয়েবসাইটে সুবিধাভোগীদের তালিকা ভিজিএফ, অতিদরিদ্রদের নামের তালিকা, ভিজিডি, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক, ত্রাণ ও পুনর্বাসন কমিটি, হতদরিদ্রের তালিকা, মহিলা বিষয়ক মাতৃত্বকালীন ভাতা, সমাজসেবা বিষয়ক মুক্তিযোদ্ধা ভাতা, প্রতিবন্ধী ছাত্র-ছাত্রী ভাতা, একটি বাড়ি একটি খামার, বিআরডিবি, প্রবাসীদের তালিকা, মুক্তিযোদ্ধার তালিকা, হাটবাজারের তালিকা, পূর্বতন ও বর্তমান চেয়ারম্যানের তালিকা, মেম্বারগণের তালিকা, গ্রাম পুলিশগণের তালিকা, কোন গ্রামে কত লোক সংখ্যার তালিকা থাকার কথা। কিন্তু উপজেলার দুু’একটি ইউনিয়ন ছাড়া অন্য সব ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে এসবের কোন তথ্য হালনাগাদ করা নেই। প্রতিটি ইউনিয়নের নিজস্ব ওয়েবসাইটে কেবলমাত্র পুরনো সব তথ্যই ভেসে বেড়াচ্ছে। প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে একজন করে পুরুষ ও নারী উদ্যোক্তা রয়েছে। তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযুগী করে গড়ে তুলে এসব জায়গায় বসানো হয়েছে। প্রতিনিয়ত ইউনিয়নের মানুষের মাঝে তারা সেবা প্রদান করছে।

তথ্য অনুসদ্ধানে জানা যায়, উপজেলার ৯টি ইউনিয়নের সরকারি ভাবে খুব উন্নতমানে উপকরণ সরবরাহ করা হয়েছে। তার মধ্যে কম্পিউটার, মডেম, পাওয়ার সাপ্লাই (ইউপিএস), প্রিন্টার, ওয়েবক্যাম, টেবিল, চেয়ার, হোয়াইটবোর্ড, ডিজিটাল ক্যামেরা, আইপিএস, মহান মুক্তিযোদ্ধে ও ইতিহাস সমৃদ্ব দলিলসহ প্রয়োজনীয় উপকরণ সামগ্রী রয়েছে ।

কিন্তু বিগত ২০১৬ সালের ২৮ মে ইউপি নির্বাচনের পর জনপ্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণের পর থেকে উপজেলার প্রায় সব ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে কোন তথ্য হালনাগাদ করা হয়নি। উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ওয়েবসাইট ভিজিট করে এমনটি জানা গেছে। যার ফলে নতুন কোন কিছুই জানা সম্ভবপর হচ্ছে না। এতে করে প্রকৃত তথ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে সচেতন নাগরিকরা।

মির্জাপুর ইউনিয়নের উদ্যোক্তা সৌরভ কান্তি দাস মুঠোফোনে জানান ওয়েবসাইটে লগ ইন করতে পাসওয়ার্ড সমস্যা দেখা দিচ্ছে। প্রায় ছয় মাস ধরে লগ ইন করতে না পারায় কোন তথ্য আপলোড করা হচ্ছে না। এ বিষয়টি উপজেলা টেকনিশিয়ানকে জানানোর পরও তা ঠিক করে দেওয়া হচ্ছে না সেজন্য নতুন কোন আপডেট দেওয়া সম্ভব হচ্ছে না।

ভূনবীর ইউনিয়ন সচিব জানায় সময় ও লোকবলের অভাবে নতুন আপডেট করা হচ্ছে না। শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রানেশ গোয়ালা বলেন অনলাইনে তথ্য আপডেট করা হয়েছে। কিছু বাকি আছে অতি শ্রীঘ্রই এগুলোও আপডেট করা হবে।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোবাশশেরুল ইসলাম জানান এটা আইসিটি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার এর দায়িত্ব। ওনি এসবের দায়িত্বে আছেন।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা আইসিটি কার্যালয়ের সহকারী প্রোগ্রামার মো. সাজেদুল হাসান বলেন ওয়েবসাইটে আপডেট দেয়ার প্রক্রিয়া চলছে। ওয়েবসাইটের কাজগুলো প্রত্যেক স্ব’স্ব দপ্তরের নিজের কাজগুলো নিজেরাই করবে। ইউনিয়নের কাজ ইউনিয়ন পরিষদ থেকেই করবে। ইউনিয়ন চেয়ারম্যান যদি চান তাহলে ইউনিয়নের উদ্যোক্তা বা সচিবকে দিয়ে করাবেন। কেউ কাজ করতে গিয়ে যদি কোন সমস্যা দেখা যায় তাহলে আমরা তা দেখিয়ে দেই। আমরা ইউনিয়নের উদ্যোক্তাদেরকে নিয়ে সবগুলো ওয়েব পোর্টাল আপডেট করাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com