চাকুরী রাজস্বকরণের দাবীতে শ্রীমঙ্গলে কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের অবস্থান কর্মসূচি

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ চাকুরী রাজস্বকরণের দাবীতে শ্রীমঙ্গলেও কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি চলছে।
২০ জানুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলার মোট ২৬ জন হেল্থ কেয়ার প্রোভাইডার অবস্থান কর্মসূচিতে অংশ নেন।
বাংলাদেশ হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি) এর কেন্দ্রীয় নির্দেশনা অনুয়ায়ী আগামীকাল ২২ জানুয়ারি সোমবার বিকাল তিনটা পর্যন্ত তাদের এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ হেল্থ কেয়ার প্রোভাইডার এসোসিয়েশন (সিএইচসিপি) এর যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মো. নঈম উদ্দিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি মাধ্যমে জানা যায়, ইতোমধ্যে জাতীয় প্রেসক্লাবে তাদের একদফা দাবী আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন করা হয়েছে।
তারই ধারাবাহিকতায় সংগঠনের ২য় ধাপের কর্মসূচি হিসেবে সারা দেশে তিনদিনের অবস্থান কর্মসূচিসহ উপজেলা স্বাস্থ্য অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
আগামী ২৩ জানুয়ারি স্ব-স্ব সিভিল সার্জন, জেলা প্রশাসক ও জেলা পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করা হবে।
এছাড়া প্রেস বিজ্ঞপ্তিতে আগামী ২৪, ২৫ ও ২৬ জানুয়ারি কমিউনিটি হেল্থ কেয়ার প্রোভাইডারদের কর্মবিরতী চলবে এবং এর মধ্যে সরকার ও অধিদপ্তর থেকে তাদের চাকুরী রাজস্বকরণের ঘোষণা না আসলে ২৭ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেসক্লাবে তাদের অবস্থান কর্মসূচি পালিত হবে এবং তাতেও দাবী বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারি থেকে রাজস্ব আদায়ের এক দফা দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরণ অনশনের ঘোষণা দেযা হয়।



মন্তব্য করুন