হারিয়ে যাচ্ছে ঐতিয্যবাহী চুং পিঠা

বিশেষ প্রতিনিধি॥ বাঁশ পিঠা বা চুং পিঠা। শীতের ঐতিজ্যবাহী পিঠার মধ্যে একটি। মজাদার এ পিঠা এখন হারিয়ে যেতে বসেছে। শীত আসার সাথে সাথে বিভিন্ন বাহারী পিঠার সাথে সমান তালে চলত এ পিঠার আয়োজন। তবে, পৌষ সংক্রান্তিই এ পিঠার মূল সময়।
বড় মাছও এ পিঠার একটি অবিচ্ছেদ্য অংশ। তাই পৌষ সংক্রান্তির এসময়ে মাছের মেলায় উঠা বড় মাছটাই কেনা হতো চুং পিঠার জন্য। একসময় পৌষ সংক্রান্তির এসময়ে সব বাড়িতেই জ্বলত চুং পিঠার চুলা। হাওর নদী থেকে তুলে আনা বড় বড় মাছের সাথে চুং পিঠা ছিল এ অঞ্চালের গ্রামীন জনপদের অতিআবশ্যকীয় পিঠা। কিন্তু সময়ের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিজ্যবাহী এ পিঠা।
ঐতিজ্যবাহী চুং পিঠা তৈরী হয় বিশেষ এক ধরনের পাহাড়ী বাঁশ দিয়ে। স্থানীয় নাম “ডলু বাঁশ” আবার অনেকে বলে “কালী বাঁশ”। এ বাঁশ শুধু পাহাড়েই জন§ায়। চা বাগানের আশপাশ আর উঁচু টিলা জমিতে জন্ম নেয়া ডলু-কালী বাঁশ চা শ্রমিকরা সংগ্রহ করে পৌষ সংক্রান্তি ও শীতের সময়ে বাজারে এনে বিক্রি করে থাকে। মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন চা বাগানের টিলা, কুলাউড়ার গাজীপুর পাহাড় ও শ্রীমঙ্গলের কালাপুর পাহাড়ে চুং পিঠার বিশেষ ধরনের ডলু-কালী বাশ জন্মায় বেশী। পৌষ-মাঘ মাসই হল চুং পিঠার মূল সময়। এসময় হাওরের বিল থেকে বড় বড় মাছ পাওয়া যায়।
আর মাছ ছাড়া এ পিঠা খাওয়ার চিন্তাই করা যায়না। তাই এপিঠার স্বাদই আলাদা।
সদর উপজেলার চৌধুরীবাজারে চুং বিক্রেতা করিম মিয়া (৬৫) বলেন, চুং পিঠা তৈরির জন্য বাঁশের একটি আকি রেখে অন্য আকির কাছাকাছি আড়াআড়ি ভাবে কাঁটা হয়। অগ্রাহায়ন মাসে গোলায় তুলা ধানের চাল দিয়ে গুড়ো তৈরী করা হয়। গুড়ো ভালো ভাবে চালুনি দিয়ে ডলু কালী বাশের প্রতিটি টাভে ভাল ভাবে চাপ দিয়ে ভরা হয়। এর পর চুলায় নিয়ে যে দিকে চালের গুড়ো ভরা হয় সে দিকে দেওয়া হয় আগুন। আর এভাবেই তৈরী হয় চুং পিঠা। সওকত মিয়া (৪৫) বলেন, চুং পিঠা বানাতে হলে খর লাগে। খরের উপড়ে রেখে আগুন দিতে হয়। আগুন দেয়ার কিছু সময় পর নামিয়ে নিতে হয়। তিনি আরো বলেন কলে ভাঙ্গানো চালের গুড়ো দিয়ে চুং পিঠা হয় না। এর জন্য ঢেঁকি বা হাতে ভাঙ্গানো চালের গুড়ো প্রয়োজন।
কালের আবর্তে আজ হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতি চুং পিঠা তৈরির হিড়িক।অচিরেই যদি এই সংস্কৃতিটাকে ধরে রাখা না যায় তাহলে একসময় চুং পিঠার যে মহোৎসবগত ঐতিহ্য বিলিন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।



মন্তব্য করুন