একাদশ জাতীয় সংসদ নির্বাচনঃ মৌলভীবাজার-৩ মৌলভীবাজারে কেমন আছেন সংখ্যালঘু ও সাধারণ ভোটাররা

স্টাফ রিপোর্টার॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর দুদিন বাকি। দিন যতই ঘনিয়ে আসছে সাধারণ ভোটারসহ সংখ্যালঘুদের আতঙ্ক ততই বেড়েই চলেছে। এদিকে বিরোধী দল বিএনপির “ভোট কেন্দ্রে পাহারা বসানোর প্রস্তুতি এবং আ’লীগের “ভোট কেন্দ্র রক্ষার” ঘোষনায় সাধারণ জনগণ পড়েছেন ভয়ের মুখে। ভোট কেন্দ্রে যদি অদৈ কিছু ঘটে এই ভেবে অনেক নারী ও বয়োবৃদ্ধ ভোটার ৩০ তারিখে ভোট কেন্দ্রমূখী হতে চাচ্ছেন না। সাধারণ ভোটারদের মতে এক পক্ষ যদি কেন্দ্র পাহারা দেয় আর অপর পক্ষ রক্ষায় ব্যস্থ থাকেন তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ কি? এই অবস্থায় ভোট কেন্দ্রে সাধারণ জনগণের “পাটা পুতাইল দিয়ে মরিচ পিশার মত” ( মরিচ গুড়ো করা) একটা অবস্থা হবে বলে মনে করছেন নাম প্রকাশে অনিচ্ছুক মৌলভীবাজার-৩ (রাজনগর-সদর উপজেলা) আসনের অনেক বয়োবৃদ্ধ পুরুষ ও নারী ভোটাররা। তা ছাড়া এই আসনের রাজনগর উপজেলায় পাহাড়-টিলা ও চা বাগান অধ্যূষিত অনেক সংখ্যালঘু ভোটার রয়েছেন। নির্বাচনকে কেন্দ্র করে কোন শক্তি তাদের ঘর-বাড়িতে হামলা করে নিজেদের ফায়দা লুঠে অন্যের উপর দোষ চাপাতে পারে এমন খবর ও ঘোরপাক খাচ্ছে সচেতন মহলে। সাধারণ ভোটারদের দাবী,এ অবস্থায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি মানুষের জান-মাল রক্ষাসহ ভোট কেন্দ্র “পাহারা ও রক্ষায়” এগিয়ে আসেন তবে নির্ভিগ্নে ভোট কেন্দ্রে যাবে ভোটাররা। মৌলভীবাজার-৩ আসনে জেলা আ’লীগ সভাপতি ও মহাজোট মনোনিত নৌকা প্রতীক প্রার্থী নেছার আহমদ পুরোদমে মাঠ চষে বেড়াচ্ছেন নেতা-কর্মীদের নিয়ে। তার প্রধান প্রতিদ্বন্দ্বি জেলা বিএনপি সভাপতি ও ঐক্যফ্রন্ট মনোনিত প্রার্থী সাবেক সাংসদ এম নাসের রহমানকে ঢালাওভাবে সভা-সমাবেশে দেখা যায়নি। তাদের অভিযোগ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল পুলিশী অভিযান চালিয়ে তাদের নেতা-কর্মীদের গ্রেফতারসহ বাড়ি ছাড়া করছে। এছাড়াও এ আসনে ছোটদল ও স্বতন্ত্রসহ আরো একাধিক প্রার্থী রয়েছেন।



মন্তব্য করুন