কমলগঞ্জে বেদে সম্প্রদায়ের কিশোরী অপহরণের অভিযোগ

প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ উপজেলার শমশেরনগর থেকে বেদে সম্প্রদায়ের এক কিশোরীকে অপহরণ করার অভিযোগ উঠেছে।
শমশেরনগর ভিতর বাজারে কলোনীর বখাটেরা কিশোরীর চাচাকে মারধোর করে মনি আক্তার (১৫) নামে কিশোরীকে অপহরন অভিযোগ উঠেছে। এঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে আটক করেছে।
মঙ্গলবার ২৯ আগস্ট বেলা সাড়ে ১২ ঘটিকায় শমশেরনগর হাজী উস্তওয়ার মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতিতরা থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
জানা যায়, কাজের জন্য ঢাকা থেকে মঙ্গলবার দুপুরে শমশেরনগর আসে বেদে সম্প্রদায়ের কিশোরী মনি আক্তার। তাকে নিয়ে যাওয়ার জন্য আসেন চাচা খোকন মিয়া।
ভাতিজিকে নিয়ে যাওয়ার পথে পূর্বজের ধরে শাহজাহান মিয়ার ছেলে মিলাদ মিয়া (৩০) নামে কলোনীর এক ছেলের সাথে কথাকাটাকাটি ঘটে।
এসময় মিলাদ ও তার সহযোগিদের আক্রমনে খোকন মিয়া (৬০) আহত হন এবং কিশোরী অপহরন করা হয় বলে তিনি দাবি করেন।
অভিযোগ করে খোকন মিয়া বলেন, ভাতিজিকে নিয়ে যাওয়ার পথে মিলাদ ডেকে নিয়ে মারধোর করে। তার সাথে আরো ৫/৬ জন বখাটে হামলা করে।
ছুরা দিয়ে হাতে ও পায়ে আঘাত করে গায়ের শার্টের বোতাম ছিড়ে ফেলে এবং একটি ঘরে আটকে রাখার চেষ্টা করে।
এ সময় ভাতিজিকে নিয়ে মিলাদের সহযোগিরা পালিয়ে যায়। পরে কোন উপায়ান্তর না পেয়ে তিনি থানা পুলিশের শরনাপন্ন হন বলে জানান।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শেখ রায়হান ফারুক বলেন, খোকন মিয়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ব্যবসা করতেন। তার সাথে এলাকার মানুষের পূর্ববিরোধ ছিল।
এসময় কিছুটা ঝগড়াঝাটি হয়েছে উভয় পক্ষের মধ্যে এবং খোকন মিয়ার একটা মোরগ খোয়া গেছে। তবে যেটুকু জানা যায় তাতে কোন কিশোরী ছিল না।
অভিযোগ বিষয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শামীম আকনজি বলেন, ঘটনার খবর পেয়েই অভিযোগকারীদের নিয়েই ঘটনাস্থলে গিয়ে মিলাদ নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসি।
তবে কিশোরীকে পাওয়া যায়নি। অভিযোগকারীরা থানায় অভিযোগ দিতে গেছেন। লিখিত অভিযোগ পাওয়া গেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



মন্তব্য করুন