কমলগঞ্জে প্রবাসীর বসতঘর থেকে দরজা-জানালা, মোটরসহ ৩ লাখ টাকার মালামাল চুরি

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ভাদাইরদেউল এলাকায় প্রবাসীর স্ত্রীর বসতঘরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ঘরের দরজা-জানালা, পানির মোটর, ফ্যান-লাইট, বাথরুমের সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন মালামাল খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক মোছা. রিপা বেগম (২৬)।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১ নভেম্বর সকাল ১১টার দিকে বাবার বাড়ি থেকে নিজ বসতঘরে ফিরে তিনি কলাপসিবল গেট ও দরজার তালা ভাঙা দেখতে পান। পরে ঘরে ঢুকে সাতটি দরজা, চারটি ফ্যান, দুটি পানির মোটর, এক হাজার লিটারের পানির ট্যাংক, ১৫০ ফুট লোহার পাইপ, তিনটি বেসিন, ট্যাপ, শাওয়ার, বৈদ্যুতিক সরঞ্জাম, আইপিএসসহ বিভিন্ন মালামাল খোয়া যাওয়ার বিষয়টি দেখতে পান। তাঁর স্বামী মো. সামছুজ্জামান জীবিকার প্রয়োজনে প্রবাসে থাকেন। মায়ের অসুস্থতার কারণে তিনি কয়েক দিন বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ঘটনাস্থল পরিদর্শন করে প্রবাসী শামসুদ্দিন খান এর প্রতিবেশী মো. এমদাদ আলী এবং মো. বজলু মিয়া বলেন, তাঁরা জীবনে অনেক চুরি-ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেছেন, কিন্তু এমন চুরির ঘটনা আগে দেখেননি। ঘরের দরজা-জানালা থেকে শুরু করে পানির মোটর, ফ্যান-লাইট ও বাথরুমের আসবাবপত্র পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরেরা।
এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন রিপা বেগম। অভিযোগ পাওয়ার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, অভিযোগের তদন্ত চলছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



মন্তব্য করুন