চাকরি ছাড়তেই প্রা/ণনা/শের হু/মকি, এক লাখ টাকা চাঁদা দাবি, কমলগঞ্জে থানায় অভিযোগ

November 1, 2026,

কমলগঞ্জ প্রতিনিধি : কমলগঞ্জে চাকরি ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে মো. ইয়াহিয়া মিয়া নামে এক ব্যক্তির কাছে এক লাখ টাকা চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে রুমেল মিয়ার বিরুদ্ধে। পুলিশ পরিচয় দিয়ে ফোন করে গ্রেপ্তারের ভয় দেখানোরও অভিযোগ করেছেন ভুক্তভোগী। এ ঘটনায় গত ৩১ অক্টোবর কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, রুমেল মিয়ার মাধ্যমে গোল্ডেন টাচ কোম্পানিতে চাকরি নেন ইয়াহিয়া। একপর্যায়ে প্রতিষ্ঠানের পণ্যের অনুমোদন ও বিএসটিআই সনদ নিয়ে প্রশ্ন ওঠায় তিনি চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। এরপর থেকেই তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি, অশ্লীল ভাষায় গালিগালাজ এবং এক লাখ টাকা চাঁদা দাবি করেন তিনি। এছাড়া ০১৩৫১৩০৩৯১২ ও ০১৭৫৩৮২৩১৪৮ নম্বর থেকে পুলিশ পরিচয় দিয়ে তাঁকে গ্রেপ্তারের ভয় দেখানো হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করেন।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কমর উদ্দিন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইয়াহিয়া অভিযোগ করেছেন, তাঁর কাছে রুমেল মিয়া এক লাখ টাকা চাঁদা দাবি করেছেন এবং প্রাণনাশের হুমকি দিয়েছেন। তদন্ত চলছে, ঘটনার সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযুক্ত রুমেল মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com